পরিবেশ রক্ষায় সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে বৃক্ষনিধন না করা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে এবং মহাসড়ক নিরাপদ রাখতে জনসচেতনতা বাড়াতে সাইকেল শোভাযাত্রা করেছে ১১ স্কুলছাত্র।২৫ নভেম্বর বোয়ালখালী উপজেলা থেকে ২২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা রাঙামাটির কাপ্তাইয়ে আসে। তারা সবাই বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুর রমণীমোহন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী।শোভাযাত্রার দলনেতা ইউনুছ জানায়, পরীক্ষার আগে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করে তারা। তবে ভ্রমণকে শিক্ষামূলক করে তুলতে ছাত্ররা পরিবেশ সুরক্ষা এবং সড়ক নিরাপদ রাখার জন্য বিভিন্ন স্থানে প্রচারণা চালায়। ছাত্ররা জানায়, বোয়ালখালী থেকে কাপ্তাই অভ্যর্থনা ফটক পর্যন্ত ভ্রমণ করে তারা দেখেছে, সড়কের দুই পাশের অধিকাংশ জায়গা খালি পড়ে রয়েছে। ওই জায়গায় বিভিন্ন ফলের চারা লাগানো হলে তাতে একদিকে পথচারীরা ছায়া পাবে, অন্যদিকে গাছ থেকে ফল পাওয়া যাবে। পাশাপাশি ভাঙনের কবল থেকে রক্ষা পাবে সড়ক। সড়কের পাশে উপস্থিত জনতাকে খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানায় তারা।কাপ্তাই সড়কের শীলছড়ি এলাকার বাসিন্দা মো. বোরহান জানান, তিনি সড়কের পাশের খালি জায়গায় পাঁচটি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন। বোয়ালখালী থেকে সাইকেল চালিয়ে কাপ্তাই এসে ছাত্ররা গাছ লাগানোর আহ্বান জানাচ্ছে দেখে বোরহান অবাক হন।ছাত্ররা জানায়, একটু সচেতন হয়ে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা অনেকটা কমানো সম্ভব।এ ব্যাপারে বিভিন্ন স্টপেজে গিয়ে ছাত্ররা যানবাহনের চালকদের পরামর্শ দেয়। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেক চালক এখন থেকে সাবধানে গাড়ি চালানোর অঙ্গীকার করেন।কাপ্তাই সড়কের চিৎমরমে ছাত্রদের সচেতনতামূলক শোভাযাত্রা দেখে এর প্রশংসা করেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সরোয়ার আলম। তিনি বলেন, এর ফলে কিছু মানুষ সচেতন হবে বলে আশা করা যায়।