পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদীর ফটিকছড়ি অংশ দখল ও দূষণের কবলে পড়ে রূপ হারাতে বসেছে। এর ফলে দেশের একমাত্র রুই–জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত নদীটি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে।
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, সুন্দরপুর, ধুরুং, দৌলতপুর ও রোসাংগিরী ইউনিয়ন ঘেঁষে প্রায় শতাধিক গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা নদী। দখল ও দূষণের কারণে নদীর এই অংশ চেনা চেহারা হারাচ্ছে। হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাজিরহাট এবং বিবিরহাট বাজার এলাকায় হালদা নদীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘরবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে অবাধে। পাশাপাশি ফটিকছড়ি সদরের রাজঘাট থেকে উত্তর দিকে হালদা নদীর এক কিলোমিটার এবং নাজিরহাট থেকে নতুন সেতু পর্যন্ত আরও এক কিলোমিটার এলাকা দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে বাঁশ ও গাছের আড়ত, বাঁশের বেড়া তৈরির প্রতিষ্ঠান, মুদি ও চায়ের দোকান এবং বসতভিটা। অবৈধ স্থাপনা তৈরির পাশাপাশি নদীর নাজিরহাট কলেজসংলগ্ন এলাকা থেকে বালু ও মাটি কেটে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হালদা–বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, হালদায় দখল ও দূষণ হচ্ছে লাগামহীনভাবে। ফটিকছড়ির ৩৫টি ইটভাটা, ১৭টি চা–বাগান এবং বিভিন্ন হাটবাজার ও কলকারখানার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন শাখা খাল ভরাট করে ফেলায় হালদার পানিপ্রবাহ হ্রাস পেয়ে লোনা পানির আগ্রাসন বেড়েছে। এর ফলে মৎস্য প্রজনন ক্ষেত্রটি পরিবেশগত বিপর্যয়ের হুমকির মুখে পড়েছে।
উপজেলার পূর্বমন্দাকিনী, বারৈয়ারহাট, পূর্বধুরুং গ্রাম ঘুরে দেখা গেছে, এসব এলাকায় নদীর বালু ও মাটি কেটে নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, প্রভাবশালী চক্র নদীর মাটি কাটা এবং বালু তোলার কাজের সঙ্গে জড়িত।
নাজিরহাট বাজার এলাকায় হালদার তীরে আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত এলাকার বাসিন্দাদের।
স্থানীয় ব্যবসায়ী মো. আনসার আলী বলেন, হালদার ওপর দিয়ে সেতু পারাপারের সময় নাকে রুমালচাপা দিতে হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফটিকছড়ি শাখা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, হালদার নাব্যতা ফেরাতে একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া কেউ যাতে অবৈধভাবে নদীর মাটি ও বালু তুলতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খাল-নদীতে বর্জ্য না ফেলার বিষয়ে নির্দেশ রয়েছে। তার পরও অনেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।