পরিবেশদূষণের দায়ে তিনবার নোটিশ, অতঃপর ছাড়পত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর তিনবার লিখিতভাবে সতর্ক করার পরও আবাসিক এলাকার দুটি মুরগির খামারকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে। পশ্চিম পটিয়ার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এই মুরগির খামারের অবস্থান। এই খামার আশপাশের পরিবেশদূষণ করছে বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ। জানা যায়, ইছানগর আবাসিক এলাকায় স্থাপন করা দুটি মুরগি খামারের বিরুদ্ধে গত বছরের ৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দিলুয়ারা বেগম। অভিযোগে বলা হয়, সাহেদুর রহমান নামের তাঁর এক প্রতিবেশী ওই দুটি মুরগি খামার স্থাপন করে ছয় বছর ধরে পরিবেশদূষণ করছেন। মুরগির বিষ্ঠার উ ৎ কট দুর্গন্ধে ভুক্তভোগীর পাঁচ ভাড়াটে পরিবারসহ আশপাশের বাসিন্দাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের ত ৎ কালীন ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনা তদন্ত করে ওই খামার দুটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সাহেদুর রহমানকে পর পর তিন দফা নোটিশও দেন বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যু ৎ বিভাগ গত বছরের নভেম্বরে ওই দুটি মুরগি খামারের সংযোগও বিচ্ছিন্ন করান। পরে পুনরায় সংযোগ নিয়ে খামার দুটি চালু রাখা হয়। এ নিয়ে দিলুয়ারা বেগম গত ১৭ জুলাই পরিবেশ অধিদপ্তরে আরও একটি লিখিত অভিযোগ দিতে গেলে জানতে পারেন ওই খামারটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে। এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন বেলার গবেষণা কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘ওই মুরগির খামারটি তিনবার নোটিশ দিয়ে খোদ পরিবেশ অধিদপ্তরই ছাড়পত্র দিল। বিষয়টি রহস্যজনক। এটা স্ববিরোধী কাজ।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশদূষণের প্রমাণ পেয়েছি।’ ৮ সেপ্টেম্বর সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, ইছানগর আবাসিক এলাকায় মুরগির খামার দুটি গড়ে তোলা হয়েছে। খামার দুটির পাশে বসবাসকারী শামসুল হক বলেন, ‘দুর্গন্ধে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছি। পরিবেশ অধিদপ্তর এটাকে ছাড়পত্র দিয়েছে। আমরা অভিযোগ কাকে দেব।’ স্থানীয় বাসিন্দা কলেজপড়ুয়া তরুণ মো. রাকিব ও মোহাম্মদ রাজু বলেন, মুরগির খামার দুটির কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।পরিবেশদূষণের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাহেদুর রহমান বলেন, ‘মূলত প্রতিবেশী দিলুয়ারা বেগমের সঙ্গে আমাদের দীর্ঘদিন থেকে জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এই কারণে তিনি ও তাঁর স্বামী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। এ ছাড়া ফায়ার সার্ভিস বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ থেকে আমি মুরগির খামার গড়ার সনদ পাওয়ার পরিপ্রক্ষিতে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পেয়েছি।’এ প্রসঙ্গে বক্তব্য নিতে পরিবেশ অধিদপ্তরে গেলে জানা যায়, পরিচালক জাফর আলম দেশের বাইরে আছেন। দায়িত্বরত কর্মকর্তাও কোনো কথা বলতে রাজি হননি। এ ছাড়া ওই এলাকার পরিদর্শক হারুনুর রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।