পরিবেশবান্ধব ড্রায়িং মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন পৃথিবীর সব দেশই সোচ্চার। দিন দিন বেড়ে চলেছে পরিবেশ সহায়ক জিনিসের চাহিদা। পরিবেশবান্ধব ড্রায়িং মেশিন উদ্ভাবন করে আলোচনায় এসেছেন ব্রিটিশ বাঙালি তরুণ সাঈদ আহমেদ। সম্প্রতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে তাঁর এই ড্রায়িং মেশিন। এটি শুধু যে পরিবেশবান্ধব তা-ই নয়, প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি ব্যয় সাশ্রয়ী। যেখানে যুক্তরাজ্যের একটি ব্যস্ত প্রতিষ্ঠান সারা বছর পেপার টাওয়াল ব্যবহার করে খরচ করছে প্রায় এক হাজার ৫০০ পাউন্ড, সেখানে সাঈদের ড্রায়িং মেশিনে খরচ দাঁড়াচ্ছে মাত্র ২১ পাউন্ড। বাজারের সবচেয়ে উন্নত হ্যান্ড ড্রায়িং মেশিন বা ভেজা হাত শুকানোর যন্ত্রটি দুই হাজার ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ শোষণকারী, কৃত্রিম গরম বাতাসে হাত শুকাতে সময় নিচ্ছে ৩০ সেকেন্ড। আর ব্যবহারকারী পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি। অন্যদিকে সাঈদের সেভরটেক্স মেশিন হাত শুকাতে সময় নিচ্ছে ১০ সেকেন্ড। গ্রাহক পাচ্ছেন সর্বনিম্ন ১০ বছরের গ্যারান্টি। আর তাই যুক্তরাজ্যের অনেক নামী প্রতিষ্ঠান লুফে নিয়েছে ‘সেভরটেক্স’ নামের পণ্যটি। সেইন্সবোরি, মেকডোনাল্ড, বিবিসি, আইটিভির মতো ব্যবহারকারী প্রতিষ্ঠানের পাশে সম্প্রতি যোগ হয়েছে প্রিন্স উইলিয়ামের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যসহ সারা বিশ্বে বাড়ছে সেভরটেক্সের চাহিদা।পরিবেশবান্ধব যন্ত্রটি ঘিরে বসে নেই ব্রিটিশ সংবাদমাধ্যমও। আলোচনায় সাঈদ আহমেদ। তবে স্যার এলান সুগারের সঞ্চালনে বিবিসির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘অ্যাপ্রেন্টিস’এর শেষ পর্যায় পর্যন্ত লড়ে আগে থেকেই জনপ্রিয় সাঈদ আহমেদ। অ্যাপ্রেন্টিস থেকে শেষ মুহূর্তে বাদ পড়ে সাঈদ আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক অংশীদারি কিংবা বার্ষিক এক লাখ পাউন্ডের চাকরি পাননি ঠিক, তবে পেয়েছেন পরিচিতি।মাত্র নয় মাস বয়সে দেশ থেকে মায়ের কোলে করে যুক্তরাজ্যে আসা সাঈদ বেড়ে উঠেছেন পূর্ব লন্ডনে। তাঁর সাম্প্রতিক উদ্ভাবন আর আগামী পরিকল্পনা উঠে আসে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায়। বললেন, ‘২০০৬ সালে অ্যাপ্রেন্টিস টিভি অনুষ্ঠানের শেষের দিকে কোনো একদিন হুট করে মাথায় আসে ভাবনাটা। এমন একটি পণ্য বের করতে হবে, যা কিনা বাজারে নেই আর চাহিদা রয়েছে অনেক। দুই বছরের মাথায় তৈরি করি বডি ড্রায়ার মেশিন। চারদিক থেকে অনেক সাড়া পাই। আমার আবিষ্কার নিয়ে স্কাইটিভি তৈরি করে এক ঘণ্টার তথ্যচিত্র।‘আরও আত্মবিশ্বাসী হয়ে উঠি। যুক্তরাজ্যে আমাদের বাঙালি মালিকানাধীন ১০ হাজারেরও বেশি বিশাল রেস্টুরেন্ট ব্যবসাকে মুখ্য করে শুরু করি পরিবেশবান্ধব, স্বল্প খরচ এবং কম বিদ্যুৎ শোষণকারী হ্যান্ড ড্রায়ার মেশিন বানানোর ভাবনা। বাজারে প্রচলিত হ্যান্ড ড্রায়ারের কৃত্রিম গরম বাতাস সৃষ্টির মাধ্যমে হাত শুকানো পদ্ধতি ব্যবহার না করাই ছিল আমার চ্যালেঞ্জ। আর সব সময় আমার মাথায় ছিল যা-ই করি, পরিবেশের জন্য যেন ঝুঁকিপূর্ণ না হয়। দীর্ঘ চার বছর একদল প্রকৌশলী, গবেষক, বাজার বিশ্লেষকদের নিরলস চেষ্টায় তৈরি হয় সেভরটেক্স। সেভরটেক্সে ব্যবহূত প্রযুক্তির সব দিক পরীক্ষা-নিরীক্ষার পর ব্রিটিশ গ্রিন স্পেক কর্তৃপক্ষ এটি বাজারজাত করার অনুমতি দেয়।’সেভরটেক্সে ব্যবহারে সুফলভোগী বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক লুৎফুর রহমান বললেন, ‘আগে যেখানে টিস্যু কেনার পেছনে মাসিক খরচ হতো প্রায় ১০০ পাউন্ডের ওপরে, এখন সেখানে পাঁচ পাউন্ডেরও কম। পরিবেশ-সহায়ক হওয়ায় এর ব্যবহারে গ্রাহকেরাও খুশি। আর ব্যবসায়িক স্বার্থেই আমাদের রেস্টুরেন্ট-শিল্পে এর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে দিন দিন।’ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাঈদ বলেন, ‘পরিবেশ বিপর্যয়ের শিকার দেশগুলোর মধ্যে আমার জন্মভূমি বাংলাদেশ অন্যতম। বিষয়টি আমাকে খুব ভাবায়। দেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন খুবই বেশি। সর্বোপরি বিষয়টি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি। ইচ্ছা আছে দেশ ও দেশের কোনো কাজে নিজেকে শামিল করার।’পাঁচ ভাইবোনের কনিষ্ঠ সাঈদের সৃষ্টির উৎসাহদাতা তাঁর গর্বিত মা-বাবা আলী রাজা ও আসমা বেগম। মায়ের সরল স্বীকারোক্তি, ‘সন্তানের প্রাপ্তিতে সব মা-বাবাই খুশি হন। আর দেশের কাজে সন্তান জড়ালে এর চেয়ে খুশির আর কীই বা হতে পারে।’