পরিবেশবান্ধব ভবনের নকশায় এল পুরস্কার
ঢাকার গুলশানের বীর উত্তম মীর শওকত সড়কের দুই পাশের জড়াজড়ি কংক্রিটের বাড়িগুলো দেখতে দেখতে যদি ক্লান্তি লাগে, ‘টিচ ফর বাংলাদেশ’–এর প্রধান কার্যালয় নিশ্চয়ই আপনার চোখকে আরাম দেবে। এই ভবনের নকশা করেই আন্তর্জাতিক একটি পুরস্কার ঘরে এনেছেন বাংলাদেশের মুহাম্মদ মনিরুজ্জামান।
গত নভেম্বরে আয়োজিত ‘জেকে সিমেন্ট অ্যাওয়ার্ড’–এর সর্বশেষ আসরে মোট ছয়টি বিভাগে বাংলাদেশের স্থপতিরা পুরস্কৃত হন। এর মধ্যে ‘ফরেন কান্ট্রিজ অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে ‘আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ পদক পান স্থপতি মুহাম্মদ মনিরুজ্জামান। বেসরকারি সংস্থা টিচ ফর বাংলাদেশের প্রধান কার্যালয়ের নকশা করেই এই পুরস্কার পেয়েছেন তিনি। মনিরুজ্জামান বর্তমানে ‘স্টুডিও ঢাকা’ নামের একটি স্থাপত্য নকশা প্রতিষ্ঠানের প্রধান স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক।
১৯৯০ সাল থেকে দেওয়া হয় জেকে সিমেন্ট অ্যাওয়ার্ড। ভারতীয় প্রতিষ্ঠান জেকে সিমেন্ট শুরুতে শুধু নিজের দেশের স্থাপত্য ও স্থপতিদেরই পুরস্কৃত করত। ১৯৯৮ সাল থেকে ভারতের বাইরেও এই পুরস্কারের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ মোট ১০টি দেশ এখন পুরস্কারের আওতাভুক্ত।
পরিবেশবান্ধব স্থাপত্য, কম খরচে নির্মাণ, প্রাকৃতিক আলো–বাতাসের ব্যবস্থা এবং সর্বোপরি নান্দনিকতা—সবকিছু বিবেচনা করেই আমাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।মুহাম্মদ মনিরুজ্জামান
টিচ ফর বাংলাদেশ ভবনের নকশার পেছনের গল্প বলছিলেন মুহাম্মদ মনিরুজ্জামান। ‘১৮ বছর ধরে স্থাপত্যের কাজ করছি আমরা। ২০১৭ সালে টিচ ফর বাংলাদেশের প্রধান কার্যালয়ের প্রকল্পটি হাতে পাই। এই প্রকল্পের একটা চ্যালেঞ্জিং দিক ছিল স্বল্প বাজেট৷ ক্লায়েন্টের চাহিদার সঙ্গে বাকি সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই, ইটের দেয়াল আর টিনের ছাদ দিয়ে ভবনটি তৈরি হবে। প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল, প্লটের গাছগুলো রেখে কাজটা শেষ করা। শেষ পর্যন্ত এমনভাবেই নকশা করলাম, যেন প্রকৃতি ও আধুনিকতার মধ্যে ভারসাম্য থাকে।’
ক্লায়েন্টের চাহিদায় ১২০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ‘লেকচার রুম’ও ছিল। মনিরুজ্জামান বলেন, ‘সেটা সংযোজন করা সম্ভব না হওয়ায় আমরা একটা কেন্দ্রীয় এম্ফিথিয়েটার তৈরি করি। সেটিই এখন এই ভবনের মূল আকর্ষণ। যাঁরা এখানে কাজ করবেন, তাঁদের জন্য পরিবেশটা আকর্ষণীয় করতে যা যা প্রয়োজন, সবই আমরা করেছি। তাই পরিবেশবান্ধব স্থাপত্য, কম খরচে নির্মাণ, প্রাকৃতিক আলো–বাতাসের ব্যবস্থা এবং সর্বোপরি নান্দনিকতা—সবকিছু বিবেচনা করেই আমাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। স্থাপত্যবিষয়ক ব্লগ আর্কডেইলিতেও আমাদের এ প্রকল্পটি নিয়ে লেখা হয়েছে।’
মনিরুজ্জামান হাসিমুখে বললেন, ‘প্রতিবছর দু–একটি কাজ পাই, যেখানে শুধু ইট কাঠ নয়, প্রকৃতিকেও প্রাধান্য দেওয়ার সুযোগ থাকে। এ ধরনের কাজের জন্যই আমরা মুখিয়ে থাকি। আমরা সব সময় ক্লায়েন্টদের পরিবেশবান্ধব ভবন নির্মাণে উৎসাহ দিই। সবাই যে কথা শোনে, এমনটা নয়। তবে আমরা চেষ্টা করে যাই।’
এরই মধ্যে প্রায় ২০০ প্রকল্পের কাজ শেষ করেছে স্টুডিও ঢাকা। বেশ কিছু কাজ চলছে। এর মধ্যে কক্সবাজার শিশু হাসপাতাল, চট্টগ্রামের রাউজানের একটি মসজিদ উল্লেখযোগ্য। প্রায় ষাট সদস্যের এই অফিসের অধিকাংশ সদস্যই বয়সে তরুণ। তরুণ স্থপতিদের নিয়ে গড়া বড় একটা দলের নেতৃত্ব দিচ্ছেন স্থপতি মনিরুজ্জামান। এই নেতৃত্ব কি উপভোগ করেন? মনিরুজ্জামান বললেন, ‘নিশ্চয়ই। ওদের ভাবনাগুলোই আমি সব সময় প্রাধান্য দিই। আমরা সবাই একটা টিম। এই টিম স্পিরিটটাই আমাদের কাজ এগিয়ে নিতে সাহায্য করে।’
মুহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৯৬ ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়–জীবন শেষ করেই ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন ‘স্টুডিও ঢাকা’। তরুণ স্থপতিদের উদ্দেশে তাঁর পরামর্শ, লক্ষ্য ঠিক করেই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় নষ্ট করলে কাজের স্পৃহা কমে যায়। তারুণ্যের শক্তিটা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।