পরিবেশবান্ধব ভাবনায় বাজিমাত

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। ঘরেও টেকা দায়। যাঁদের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র আছে তাঁরা আছেন আরামে। আর যাঁদের সেই ব্যবস্থা নেই তাঁদের কী হবে? সেই সমাধান দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) একদল শিক্ষার্থী। মাটিহীন জলজ উদ্ভিদ চাষ পদ্ধতিতে গরমেও হিমেল হাওয়া পাবেন ঘরে। বাড়ির ছাদে, বারান্দায় এমনকি ড্রইংরুমেও এই জলজ উদ্ভিদ চাষ করা যাবে। এতে খরচও কম।
শুধুই িক জলজ উদ্ভিদ চাষ; পরিবেশবান্ধব চমৎকার সব ব্যবসায়িক ভাবনা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৩০ এপ্রিল নগরের একটি রেস্তোরাঁয় রয়েল সিমেন্ট-দৃষ্টি ব্যবসায় আইডিয়া প্রতিযোগিতা ব্রেইনস্টোর্মিংয়ের চূড়ান্ত এসব ভাবনা উপস্থাপন করেন তাঁরা।
সপ্তমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ২৪টি বিশ্ববিদ্যালয় ও ১৫টি স্কুলের দল অংশ নেয়। এর মধ্য থেকে পাঁচটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইউএসটিসি, চুয়েট, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়। অন্যদিকে স্কুলপর্যায়ে উত্তীর্ণ হয় সিলভার বেলস গার্লস স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল হিদাইয়া ইন্টারন্যাশনাল স্কুল।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাইনাল পর্বের বিষয় ছিল পরিবেশবান্ধব ব্যবসা ধারণা। এতে সবগুলো দলকে হারিয়ে মাটিহীন জলজ উদ্ভিদ চাষের ধারণা দিয়ে ইউএসটিসি শিরোপা জিতে নেয়। বিজয়ী দলের সদস্যরা হলেন সাইবা মোস্তফা, নিশাত ও সাবরিনা। এ ছাড়া আবর্জনা থেকে স্বল্পমূল্যের সিলিন্ডার গ্যাস উৎপাদন ও বিতরণের ধারণা দিয়ে প্রথম রানার্সআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশবান্ধব অন্দরসজ্জা ও আসবাবের ধারণা দিয়ে চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার্সআপ হয়।
অন্যদিকে স্কুলপর্যায়ে ফাইনাল পর্বের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশ জাতিতাত্ত্বিক জাদুঘরের রি ব্যান্ডিং’। এতে সিলভার বেলস গার্লস হাইস্কুল চ্যাম্পিয়ন ও ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। বিজয়ী দলের সদস্যরা হলো ফারদিন মুসফিরাত, প্রিমিয়া বিনতে আওয়াল ও নাবিলা তাসনিয়া।
এর আগে সেমিফাইনাল পর্বে উত্তীর্ণরা সবাই প্রফেশনাল টাস্কের অংশ হিসেবে এক দিনের জন্য ‘প্র্যাকটিক্যাল ওয়ার্কে’ অংশগ্রহণ করে বারকোড ক্যাফেতে।
প্রতিযোগিতা শেষে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ–এর ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, রয়েল সিমেন্ট লিমিটেডের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাছির খান ও ভোগ ফ্যাশন ইনস্টিটিউটের অধ্যক্ষ মনছুর আলম।
বক্তারা বলেন, এখনকার তরুণেরা অনেক প্রতিভাবান। তঁারা ভিন্নভাবে চিন্তা করতে শিখছেন। এই প্রতিযোগীরা যখন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হবে তখন সফল উদ্যোক্তা হিসেবে এগিয়ে নেবেন বাংলাদেশকে।