কক্সবাজারের মহেশখালীতে পরিবেশরক্ষায় সচেতনতা তৈরিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে ৬ অক্টোবর এসব কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীরা পরিবেশরক্ষার অঙ্গীকার করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সবুজ উপকূল কর্মসূচির আওতায় এর আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বড় মহেশখালী ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ ও দেয়ালিকা প্রকাশ করা হয়। দেয়ালিকায় পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পায়।
এ ছাড়া শিক্ষার্থীদের নিয়ে ‘চারপাশের পরিবেশ সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়ে রচনা, ‘উপকূল’ বিষয়ে কবিতা ও ছড়া, ‘সবুজ উপকূল সুরক্ষায় আমিও অংশীদার’ বিষয়ে বন্ধুর কাছে পত্র লেখা এবং ‘আমার স্বপ্নের সবুজ উপকূল’ বিষয়ে ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বক্তব্য দেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল করিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক (পরিচালন) মো. হারুন আর রশিদ প্রমুখ।