পরিবেশের ছবি


ভাবুন তো, স্বজাতিদের ছাড়া, একদম একা যদি বেঁচে থাকতে হয় এমন একটা গ্রহে, যেখানে না-আছে নিরাপত্তা, না-আছে সম্মান—কেমন লাগবে আপনার? কেমন লাগবে, যদি কেউ আপনার সর্বস্ব কেড়ে নেয়? যদি আপনার ওপর ছুড়ে ফেলে বিষাক্ত বর্জ্য? বিষাক্ত ধোঁয়ার কারণে যদি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আপনার প্রজাতি...!
প্রকৃতির সঙ্গে আমরা কি ঠিক এমনটাই করছি না? ৩ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ছোট্ট তথ্যচিত্রে এমন কিছু প্রশ্ন তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ—আশরাফুল কিবরিয়া, মো. সাইফুল ইসলাম ও মো. মনজুরুল আলম। জীববৈচিত্র্য সংরক্ষণ-বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় তাঁদের এই ছবিটি জিতে নিয়েছে সেরার পুরস্কার। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ইউএসএআইডি ও ব্র্যাক ব্যাংক।
২৫ এপ্রিল র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব ব্যাংকুয়েট হলে বসেছিল এই আয়োজনের চূড়ান্ত পর্বের আসর। বর্ণাঢ্য অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদের হাত থেকে বিজয়ী দল গ্রহণ করে তাদের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর জানিনা জেরুজেলস্কি, বাংলাদেশ ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। মূল পর্বে অংশ নেওয়া ১১টি দলের সদস্যরা তো ছিলেনই, আরও ছিলেন ইউএসএআইডির বাঘ সংরক্ষণ প্রকল্পের কর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি অনুষদের তিন শিক্ষার্থীর স্বল্পদৈর্ঘ্য ছবি বানানোর অভিজ্ঞতা হলো এবারই প্রথম। ‘ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন’-এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাঁরা। দলের নাম দিয়েছিলেন এলিপসিস।
তিন বিজয়ীর মধ্যে আশরাফুল কিবরিয়ার ইচ্ছা ভবিষ্যতে পানিসম্পদের অপব্যয় নিয়ে গবেষণা করার। সাইফুল ভবিষ্যতে ‘স্বাস্থ্য অর্থনীতি’ নিয়ে গবেষণার পাশাপাশি ‘বিপন্নপ্রায় প্রাণী ও উদ্ভিদ’ সংরক্ষণে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক কাজ করতে চান। ওদিকে নিজের কাজের পাশাপাশি জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তরুণদের জন্য একটা সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন মনজুরুল। বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের এই সৃজনশীল কাজের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে, এমনটাই বিশ্বাস করেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেরুজেলস্কি।