পরিবেশের জন্য জয়রামের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ক্ষতি করে উন্নয়ন নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই নীতিতে কাজ করে চলেছেন ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ। তাঁর কঠোর পরিবেশবান্ধব নীতির কারণে সে দেশের অনেক উন্নয়ন প্রকল্প আটকে গেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাঁধ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ইস্পাত কারখানা স্থাপন। খুব বেশি তেল খাওয়া বিলাসবহুল গাড়ির বিরুদ্ধেও সোচ্চার তিনি। শিল্প উদ্যোক্তা এমনকি মন্ত্রিসভার কিছু সহকর্মীসহ অনেকে রমেশের নীতিতে ক্ষুব্ধ। পরিবেশমন্ত্রী তাতে বিশেষ গা করছেন না। তাঁর মতে, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য আনতে এ নীতির বিকল্প নেই।গত মাসে দক্ষিণ ভারতের এক নদীতে ২০০ কোটি মার্কিন ডলার ব্যয়সাপেক্ষ একটি বাঁধ নির্মাণ প্রকল্প আটকে দিয়েছেন রমেশ। এ ব্যাপারে পরিবেশ মন্ত্রণালয় বলেছে, পরিবেশ রক্ষার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ প্রকল্পের অনুমোদন স্থগিত করা হয়েছে। বাঁধটি নির্মিত হলে শত শত গ্রাম বন্যায় প্লাবিত হবে। গৃহহীন হয়ে পড়বে প্রায় দুই লাখ লোক।গত অক্টোবরে পরিবেশ মন্ত্রণালয় আটকে দেয় বড় ধরনের একটি ইস্পাত কারখানা প্রকল্প। এক হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে ওডিশায় এ কারখানা স্থাপনের কথা ছিল দক্ষিণ কোরীয় কোম্পানি পসকোর। ভারতের ইতিহাসে এটিই এককভাবে বৃহত্তম বিদেশি বিনিয়োগ। কারখানাটি নির্মাণের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় প্রকল্পটির অনুমোদন স্থগিত রাখা হয়েছে।এর আগে বিখ্যাত খনি গ্রুপ বেদান্তর ওডিশার বক্সাইট উত্তোলন প্রকল্প ও মুম্বাইয়ের পাহাড়ি এলাকায় বিলাসবহুল একটি আবাসন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়।এ ছাড়া চলতি বছরের শুরুতে ভারতে বিটি বেগুন নামে একধরনের জেনেটিক্যালি মোডিফাইড (জিএম) বেগুনের বাণিজ্যিক চাষের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবেশ মন্ত্রণালয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় পরামর্শকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী জয়রাম রমেশ। এ ধরনের বেগুন চাষ কৃষি ও পরিবেশের জন্য অনুকূল নয় বলে মত দিয়েছিলেন বৈঠকে উপস্থিত সবাই।পরিবেশের স্বার্থে এসব সাহসী পদক্ষেপের কারণে পরিবেশবাদীদের অকুণ্ঠ প্রশংসা পাচ্ছেন জয়রাম রমেশ। কেউ কেউ বলছেন, ভারতে এই প্রথম পরিবেশ মন্ত্রণালয় তার আসল চেহারায় আবির্ভূত হয়েছে। ভারতের অন্যতম প্রধান ইংরেজি সাপ্তাহিক আউটলুক-এর সম্পাদক বিনোদ মেহতা বলেছেন, ‘জয়রাম রমেশ দায়িত্ব নেওয়ার আগে পরিবেশ মন্ত্রণালয় ছিল আর কয়েকটি মন্ত্রণালয়েরই একটা। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর ক্ষেত্রবিশেষে এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিরোধিতা উপেক্ষা করে এই মন্ত্রণালয়ের মর্যাদা অনেক বাড়িয়েছেন।’পরিবেশবিদ বন্দনা শিব বলেন, ‘জয়রাম রমেশই প্রথম পরিবেশমন্ত্রী, যিনি কিনা যা প্রত্যাশিত তাই করছেন। তিনি অনুধাবন করতে পেরেছেন, নিয়ন্ত্রণহীন উদারীকরণ ও স্থানীয় মানুষের দাবি-দাওয়ার মধ্যে একটা রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা দরকার।’আর ৫৬ বছর বয়সী রমেশ নিজে কী বলেন? রমেশ বলেছেন, তিনি শুধু চান, সংশ্লিষ্ট প্রক্রিয়া ও আইন মেনে চলা হোক। টেকনোক্র্যাট থেকে রাজনীতিবিদে পরিণত জয়রাম রমেশ প্রকৌশলবিদ্যা শিক্ষার বিশ্বখ্যাত অঙ্গন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্নাতক। দীর্ঘদিন বিশ্বব্যাংকে চাকরি করেছেন। কংগ্রেস দলে যোগ দেওয়ার আগে কাজ করেছেন সরকারের পরিকল্পনা কমিশনে।ধারণা করা হয়, জয়রাম রমেশের পেছনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সমর্থন রয়েছে। এর জোরেই এই বড় বড় পদক্ষেপ নিতে পারছেন তিনি।সূত্র: বিবিসি