গুপ্তচরবৃত্তির অভিযোগে এক বছরের বেশি কারাগারে আটক রাখার পর মার্কিন এক পরিব্রাজককে সমপ্রতি মুক্তি দিয়েছে ইরান। এ ঘটনা কীসের ইঙ্গিত দেয়?সারাহ সাউর্দের মুক্তিতে ইরান-মার্কিন দীর্ঘদিনের বৈরিতায় কি বিশেষ কোনো পরিবর্তন হবে? পর্যবেক্ষকদের বেশির ভাগই মনে করেন, এর উত্তর, ‘না’। কারণ, ব্যাপারটা ইরানের বাস্তব পরিস্থিতির সঙ্গে যায় না। তাঁদের মতে, মার্কিন পরিব্রাজক সারাহ সাউর্দের সাম্প্রতিক কারামুক্তি আসলে ইরান সরকারের বিভিন্ন অংশের ক্ষমতার লড়াইয়েরই আলামত। বরং ধরে নেওয়া যায়, অদূর ভবিষ্যতে দেশটির সঙ্গে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল আকার ধারণ করবে। সারাহ সাউর্দকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু তাঁর দুই সঙ্গী শেন বাউয়ের ও জশ ফাটাল এখনো তেহরানের কারাগারে বন্দী। সাউর্দকেও মুক্তি দেওয়া হয়েছে দুটো বিষয় বিবেচনায় এনে। এক. তিনি অসুস্থ। ইরান এর আগেও অসুস্থ কয়েকজন বন্দীকে মুক্তি দিয়েছে। দুই. তাঁর মুক্তির জামানত হিসাবে পাঁচ লাখ ডলার নেওয়া হয়েছে। ওমানের একটি ব্যাংকের মাধ্যমে ওই অর্থ দেওয়া হয়। সাউর্দের মুক্তি-প্রক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ভূমিকার সমালোচনা করা হচ্ছে দেশে। তাঁকে মুক্তি দিয়ে প্রেসিডেন্ট কিছুটা বেকায়দায়ই পড়েছেন। জানা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাউর্দকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন আহমাদিনেজাদ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার আগে ওই মার্কিন পরিব্রাজকের মুক্তি তাঁর জন্য সুফল বয়ে আনবে, আহমাদিনেজাদ হয়তো এমনটিই ধরে নিয়েছিলেন। কিন্তু ব্যাপারটি ফাঁস হয়ে গেলে ইরানের বিচার বিভাগ বাদ সাধে। ফলে আহমাদিনেজাদের পরিকল্পনা ভেস্তে যায়। ইরানের বিচার বিভাগের একটা অংশ সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্নেহধন্য। ওই অংশটি আবার আহমাদিনেজাদের ঘোরবিরোধী। তাদের কথা হচ্ছে, বিচারাধীন কোনো কারাবন্দীকে মুক্তি দেওয়া না-দেওয়ার এখতিয়ার নিতান্তই বিচার বিভাগের। তাঁরা আরও চেয়েছিলেন, জামানত রেখে মার্কিন পরিব্রাজককে মুক্তি দিলেও কাজটা করা উচিত চুপিসারে, কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানবিষয়ক বিশেষজ্ঞ ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক কর্মকর্তা গ্যারি সিক বলেছেন, ইরানের বিচার বিভাগ সারাহ সাউর্দকে মুক্তি দিতে রাজিই ছিল। তবে তারা চাইছিল, এর কৃতিত্ব যেন আহমাদিনেজাদের পক্ষে না যায়। বিচার বিভাগ তাদের এ মনোভাবও গোপন করেনি যে বন্দী মুক্তির এ ব্যাপার নিয়ে প্রেসিডেন্টের মাথা ঘামানোর কিছু নেই। বিচার বিভাগই এর সুরাহা করবে।হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইরান-বিশ্লেষক ফরিদা ফারহি বলেছেন, সাউর্দের ঘটনাটি বিশ্লেষণ করে মনে হয়, সরকারের পৃথক পৃথক অংশ তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় তৎপর হয়ে উঠেছিল। এতে সরকারের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব প্রকট হয়ে ধরা পড়ে। আহমাদিনেজাদ যতবার জাতিসংঘ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর করেছেন, ততবারই ইরানের কারাগারে বন্দী মার্কিনদের সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। আহমাদিনেজাদ সব সময়ই বলে এসেছেন, এসব বিষয় বিচার বিভাগ দেখে। ইরানের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ইত্যাদি ইত্যাদি।কিন্তু বাস্তবতা হলো, আহমাদিনেজাদের সঙ্গে বিচার বিভাগসহ ইরানের অন্য ক্ষমতাকেন্দ্রগুলোর বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচিত পার্লামেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও গার্ডিয়ান কাউন্সিলের সঙ্গেও প্রেসিডেন্টের বিরোধ তীব্র হয়ে উঠেছে। এমনকি আহমাদিনেজাদের সবচেয়ে ভরসার শক্তি রেভল্যুশনারি গার্ডের কট্টরপন্থী একটা অংশের সঙ্গে বিরোধ চলছে তাঁর। সর্বোচ্চ ধর্মীয় নেতা ও প্রেসিডেন্টের সম্পর্কে চিড় ধরার কথাও শোনা যায়। সংস্কারপন্থী নেতারা তো আগে থেকেই প্রেসিডেন্টের সমালোচনায় মুখর।সংস্কারপন্থীদের অভিযোগ, আহমাদিনেজাদ গণতন্ত্রকে পদদলিত করেছেন। এবার ধর্মীয় নেতারাও প্রেসিডেন্টের বিরুদ্ধে তাঁদের ক্ষমতা জবরদখলের চেষ্টা ও অমর্যাদা করার অভিযোগ তুলেছেন। বিশ্লেষক গ্যারি সিক বলেছেন, অনেকের মনেই প্রশ্ন, ইরানের আসল কর্তৃত্ব এখন ঠিক কার হাতে। এটা ঠিক, প্রেসিডেন্ট হিসেবে এক ধরনের স্বাধীনতা ভোগ করছেন আহমাদিনেজাদ। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও পাশ কাটিয়ে আজকাল তিনি নানা সুবিধা ভোগ করছেন, যা ইসলামি বিপ্লবের পর থেকে অন্য কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যায়নি। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি, হিজবুল্লাহর মতো বাহিনীকে মদদ আর মানবাধিকার ইস্যুসহ অন্য সব বিষয়ে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমের সঙ্গে যে বিরোধ, তা সমাধানের যেকোনো আলোচনায় ইরানের ক্ষমতার এই বিচিত্র দ্বন্দ্বের বিষয়টি মাথায় রাখতেই হবে। বিশেষ করে পরমাণু কর্মসূচির বিষয়টি খুবই জটিল বলে এ নিয়ে মতান্তর সহজে মেটার নয়। এ কারণেই হয়তো বিশ্লেষকেরা বলছেন, দু-একজন বন্দী মুক্তির মধ্য দিয়ে ইরান-মার্কিন সম্পর্কে উষ্ণতার আশা করা দুরাশা ছাড়া আর কিছু নয়।