পরিযায়ী পাখির অনন্য জলাভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রংবেরঙের পাখি এসেছে টাঙ্গুয়ার হাওরে। ছবি: সীমান্ত দিপু
রংবেরঙের পাখি এসেছে টাঙ্গুয়ার হাওরে। ছবি: সীমান্ত দিপু
দেশের নানা প্রান্তের হাওর, বাঁওড়, বিল, হ্রদসহ অসংখ্য জলাশয় এখন অতিথি পাখির স্বর্গরাজ্য। পাখিদের এমনই কয়েকটি আবাসের কথা রইল আপনার জন্য

টাঙ্গুয়ার হাওরকে পরিযায়ী পাখির স্বর্গ বলা যেতে পারে। সারা বিশ্বে এ রকম অনেক জলচর পাখির আবাস রয়েছে। যেসব জলাভূমিতে পাখির বসবাসের উপযোগী পরিবেশ, খাবার এবং নিরাপত্তা থাকে, সেসব জায়গাতে হাজার হাজার বছর ধরে পরিযায়ী পাখিরা আসা-যাওয়া করে।

টাঙ্গুয়ার হাওরে আসলে কবে থেকে পাখি আসা শুরু হয়েছে, তার কোনো তথ্য জানা নেই। তবে মেঘালয়ের পাহাড় সৃষ্টির পর এ জলাভূমির গোড়াপত্তন হয়েছে সেটা বলা যায়। কারণ, মেঘালয়ের পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বৃষ্টির জলই এ হাওরের তথা পাখিসহ সব জীববৈচিত্র্যের প্রাণ।
টাঙ্গুয়ার হাওরে যেসব পরিযায়ী পাখি আসে, তার মধ্যে হাঁস প্রজাতির জলচর পাখিই প্রধান। বাংলাদেশে পরিযায়ী হাঁসের জন্য এ হাওর অন্যতম বড় অভয়ারণ্য। এসব পরিযায়ী পাখি হাজার হাজার মাইল দূরের পথ উড়ে উড়ে আমাদের দেশে আসে তীব্র শীত ও খাদ্যাভাব থেকে বেঁচে থাকার জন্য। ওরা আসতে শুরু করে নভেম্বর মাসে এবং এপ্রিল পর্যন্ত থাকে। তারপর চলে যায়। পাখিপ্রেমীরা শীতের সময় এ হাওরে পাখি দেখতে যান। আইইউসিএন বাংলাদেশ পরিযায়ী পাখি সংরক্ষণে এ হাওরে কাজ করেছে। গবেষণা মতে, টাঙ্গুয়ার হাওরে ১৬৭ প্রজাতির পাখি পাওয়া যায়, যার মোট সংখ্যা ৬৫ হাজারের বেশি। তবে বছরভেদে
পাখির সংখ্যা কমবেশি হতে পারে। ১৬৭ প্রজাতির পাখির মধ্যে ৮৪ প্রজাতিই পরিযায়ী পাখি। এ ৮৪ প্রজাতির মধ্যে ১৯ প্রজাতিই পরিযায়ী হাঁস।
জীবজগতের মধ্যে পাখিরাই সবচেয়ে বেশি পরিযায়ী। শীতের সময় এসব পাখিকে আমাদের দেশে অতিথি পাখি বলেন অনেকে। অতিথি পাখি বলে কোনো শব্দ পৃথিবীর কোথাও ব্যবহার হয় না। কোনো পাখি এক দিন মাত্র কোনো দেশে থাকলে সে পাখিটা সেই দেশের পাখি হয়ে যায়। যে পাখি সারা বছর এ দেশে বাস করে, তাকে আমার বলি আবাসিক পাখি (রেসিডেন্ট বার্ড) এবং যে পাখি বছরের পুরোটা সময় এ দেশে না থেকে নিয়মিতভাবে বিদেশ ভ্রমণ করে, তাদের পরিযায়ী পাখি (মাইগ্রেটরি বার্ড) বলা হয়।
প্রতিবছর শীত এলেই এ হাওরে পাখিশুমারি শুরু হয়। বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা এ কাজটি করে থাকেন স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে। বর্তমানে বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা পরিযায়ী পাখিশুমারিতে ব্যস্ত রয়েছেন। এশিয়া অঞ্চলে পাখিশুমারি শুরু হয় ১৯৮৭ সালে, বাংলাদেশে ১৯৮৮ সালে। একটি দেশের পাখির পরিসংখ্যান বলে দেয় সে দেশের প্রাকৃতিক পরিবেশ কেমন আছে। পাখি গণনার আরেকটি সুফল হলো শুমারির জরিপ অনুযায়ী, গুরুত্বপূর্ণ পাখির এলাকা ঘোষণা করা, বিশ্বের বিপন্ন পাখিগুলোর অবস্থা জানা। কোন পাখির সংখ্যা কতটা কমছে বা বাড়ছে, সে বিষয়টিও জানা যায় পাখি গণনা করে।
এ হাওরে হাঁস পরিবারে পরিযায়ী পাখিরা হলো রাজসরালি, বড় ধলাকপাল রাজহাঁস, খয়রা চখাচখি, পাতিচখাচখি, নাকতা হাঁস, মান্দারিন হাঁস, উত্তুরে লেনজাহাঁস, উত্তুরে খুন্তেহাঁস, পাত তিলিহাঁস, টিকিহাঁস, ফুলুরিহাঁস, বৈকাল তিলিহাঁস, ইউরেশীয় সিঁথিহাঁস, নীলমাথাহাঁস, গিরিহাঁস ও পিয়াংহাঁস। অন্যান্য প্রজাতির পরিযায়ী পাখি হলো বেইলন গুরগুরি, পাতিকুট, পাতিচ্যাগা, লেনজাচ্যাগা, জ্যাকচ্যাগা, দাগিলেজ জৌরালি, কালালেজ জৌরালি, তিলা লালপা, বন বাটান, পাতিসবুজপা, সবুজ বাটান, পাতিলালপা, পাতিবাটান, লাল নুড়িবাটান, গেওয়ালা বাটান, প্রশান্ত সোনাজিরিয়া, পাতিনথজিরিয়া, বড় ধুলজিরিয়া, ছোট ধুলজিরিয়া, কালামাথা গাঙচিল, জুলফি পানচিল, পশ্চিমা পানকাপাসি, পাকরা কাপাসি, পাতিকেস্ট্রেল, বড় পানকৌড়ি, কালামাথা কাস্তেচরা, সাইবেরীয় চুনিকণ্ঠী, লালগলা ফিদ্দা, ধলালেজ চুনিকণ্ঠী, নীলগলা ফিদ্দা, ধলা খঞ্জন, মেটে খঞ্জন, সিট্রিন খঞ্জন ইত্যাদি পরিযায়ী পাখি।
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জীববৈচিত্র্যে ভরপুর জলাভূমি। বার্ডলাইফ ইন্টারন্যাশনাল এ হাওরকে গুরুত্বপূর্ণ পাখি অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। ২০০০ সালে সরকার এ হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। প্রায় ৫৪টি বিল নিয়ে এ হাওর। এ হাওরে ২০০২ সালে একসঙ্গে ৯০ হাজার ৯০০টি মরচে রং ভুতি হাঁস দেখা গিয়েছিল।
সৌরভ মাহমুদ: পাখি ও উদ্ভিদ গবেষক; সদস্য, বাংলাদেশ বার্ড ক্লাব