পরিশ্রম আনে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার বিখ্যাত পপ গায়িকা পামেলা মরগ্যান। জন্ম ২৫ নভেম্বর ১৯৫৭। লোকসংগীতে অবদানের জন্য ২০০৭ সালে কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে তাঁর সম্মানসূচক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।কয়েক মাস আগে যখন আমি মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি পাই, তখন চিৎকার করে উঠেছিলাম। চিঠিটা পড়ে আমি এতটাই বিস্মিত হয়েছিলাম যে তার রেশ এখনো আমার মধ্যে রয়ে গেছে। এমন একটি আলোকিত প্রতিষ্ঠান কর্তৃক সম্মান লাভ করে আমি আজ শিহরিত হচ্ছি।আমি জানি না ‘ডক্টর মরগ্যান’ বলে আমাকে সম্বোধন করলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব কি না!আমি পৃথিবীর উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পর্কে খুব কম জানি। তোমা যারা এই মুহূর্তটির জন্য কঠোর পরিশ্রম করেছ, তাদের আমি অভিনন্দন জানাই।আমার বাবা রে মরগ্যান সব সময় চাইতেন, আমি যেন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি খুবই সন্তুষ্ট ও সম্মানিত বোধ করছি তাঁর স্মৃতির কথা বলে। আমি আমার পরিবারের সদস্য ও বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ পথ ভ্রমণ করে এখানে আসার জন্য।আমি জীবনের বেশির ভাগ সময়ই ভ্রমণ করে পার করেছি। কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। ১৯৭৪ সালে আমি গ্র্যান্ডফল একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করি। স্নাতকের পর আমি আমার এলাকার আধুনিকায়ন নিয়ে ভাবি। আমরা প্রাকৃতিক সার ব্যবহারের মাধ্যমে উর্বরতা বৃদ্ধি করে সবজি জন্মাতাম। প্রয়াত প্রখ্যাত বেহালবাদক এমিল বেনইটের একটি স্মৃতি মনে আছে। তিনি আমাদের বাড়ি নতুন করে সাজাতে সাহায্য করেছিলেন। তিনি আমাদের পুরোনো আসবাব নিয়ে সেগুলো অন্য কাজের জন্য উপযোগী করেছিলেন। পরিবেশের দিক থেকে আমরা এখনো ক্ষতিগ্রস্ত হয়নি এমন দেশগুলোর একটি। আমাদের এখনো আছে বিশুদ্ধ পানি, রসাল ফল, মাছ, পরিষ্কার বাতাস এবং পশুপাখির জন্য বিশাল এলাকাজুড়ে বনাঞ্চল। অবাক হওয়ার মতো ব্যাপার যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের এই স্বর্গকে আবিষ্কার করছেন এবং এখানে সম্পদ কিনছেন।আমার বাবা এটা বলতে পছন্দ করতেন যে শীতকাল না থাকলে গ্রীষ্মকাল আসবে না। আমি বিশ্বাস করি, জীবনের বিভিন্ন ক্ষেত্রে এ কথা সত্য। আমাদের এলাকার কৌতুকপ্রিয়তা, গান, রসবোধ সর্বজনবিদিত। আমি বিশ্বাস করি, এই রসবোধ আমাদের মধ্যে থাকবে। আমাদের দরকার মুক্তি, যা কেবল আনন্দদায়ক গানই দিতে পারে।শিল্প ও শিল্পীদের এই সমাজে বেঁচে থাকার একমাত্র উপায় হলো জনসাধারণকে বিভিন্ন বিষয়ে সচেতন ও আগ্রহী করে তোলা। আমি প্রায়ই শুনে থাকি যে জনগণ দুর্যোগ থেকে পালাতে যায়। কেননা, তারা কোনো কিছুর বিষয়ে ভাবতে বা মনোযোগ দিতে চায় না, এটা আমি বুঝতে পারি। কিন্তু আমাদের এটার ব্যাপারে সাবধান হতে হবে যে সমস্যা থেকে পালানো মানে নিজের জন্য নিজের খাঁচা তৈরি করা।আমাদের নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাবরেডরের অধিবাসীদের রয়েছে গল্প বলার সংস্কৃতি ও দৃঢ় পারিবারিক বন্ধন। আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সংস্কৃতিকে প্রতিপালন ও সম্মান দেখানো প্রয়োজন। আমাদের কবিতা পাঠ, গান শোনা, নাটক ও চলচ্চিত্র দেখার প্রয়োজন। সেই সঙ্গে অপরিচিত শিল্পীর চিত্রশিল্প কেনা, একে অপরের সঙ্গে কথা বলা প্রয়োজন। আমাদের জীবন, আশা, স্বপ্ন, পরিবার ও আমাদের সংস্কৃতি যেন মার্কিন টেলিভিশনের প্রভাবে জড়তাগ্রস্ত না হয়ে যায়।যেসব স্নাতক শিক্ষার্থী বিভিন্ন দেশ থেকে এখানে এসেছ, অনুগ্রহ করে আমার এলাকার স্মৃতি বহন করে নিয়ে যেও। তোমাদের সবাইকে আবারও আমার শুভেচ্ছা রইল। তোমরা কাজের জন্য যে ক্ষেত্রই পছন্দ করো না কেন, সেখানেই সফলতা পাও, এই শুভকামনা রইল। আত্মবিশ্বাস ও পরিশ্রমই পারে তোমাকে তোমার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে। আর আমি যদি কোনো পরামর্শ দিতে পারি, তা হলো যাও, বিশ্বটাকে দেখো। এটা তোমাকে বৈশ্বিক প্রেক্ষাপটে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। কিন্তু সব সময় মনে রেখো, এই জায়গায় রয়েছে তোমাদের জন্মগত অধিকার। আমাদের গ্রামকে নতুনভাবে তৈরি করতে এখানে তোমাদের মতো সেরা ও বুদ্ধিমানদের আরও বেশি প্রয়োজন। আমাদের সেসব তরুণ স্বপ্নচারীর দরকার, যারা তুলনামূলকভাবে কম পারিশ্রমিকে শিক্ষাদান করবে, চিকিৎসাসেবা দেবে। নিজের উদ্যোগে ছোটখাটো ব্যবসা শুরু করবে। সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে তাদের। তারাই তো আগামী দিনের যোদ্ধা।সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে অনুবাদ: লামিয়া ইসলাম