পরিশ্রমই স্বপ্ন বাস্তবায়নের সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও এবং প্রথম আলো জবস্-এর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন ওয়াওয়ে টেকনোলজির মানবসম্পদ পরিচালক আসিফ জামান। অতিথি শ্রোতা হিসেবে ছিলেন নর্দান ইউনিভার্সিটির জুয়েল, শহীদ উদ্দিন, ওবায়দুর ও তানভীর। ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।কথাবন্ধু: প্রথমে আপনার ক্যারিয়ারের সফলতার গল্প শুনব।আসিফ জামান: প্রত্যেকের একটা স্বপ্ন থাকে। আমারও একটা স্বপ্ন ছিল যে আমাকে একটা কিছু হতে হবে। সবাই স্কুলজীবনে চিকিৎসক, প্রকৌশলী, পাইলট হতে চাইত। আমার মনে হয়েছে, আমি যা-ই করি, তাতে আমার সন্তুষ্টি থাকবে এবং আমি আমার পেশার শীর্ষে যাব। নব্বইয়ের দশকে আমি বুয়েটে ভর্তি হলাম। সেই সময় মনে হতো, মানুষের সঙ্গে যুক্ত হওয়াটা আমি খুব উপভোগ করি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ছাড়া কোথাও এমবিএ করা যেত না। আমি আইবিএতে সুযোগ পেলাম এবং এমবিএ করলাম। এরপর প্রথম চাকরিটা হলো আমার মানবসম্পদ বিভাগে। সেখান থেকে শুরু করে আজ আমি মানবসম্পদ পরিচালক হিসেবে কাজ করেছি।কথাবন্ধু: কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করতে গেলে ওই প্রতিষ্ঠান ঠিক কী কী যোগ্যতাসম্পন্ন প্রার্থী খোঁজে?আসিফ জামান: যেকোনো প্রতিষ্ঠানই সেটা বহুজাতিক হোক বা দেশীয় হোক—সবাই চায় প্রথম দিন থেকেই প্রতিষ্ঠানকে কিছু দেবে। আমরা জানি, বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, কিন্তু সবাই তাঁর সেই প্রতিভা বিকাশের সুযোগ পান না। বহুজাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখি, সিজিপিএ একটা বড় বিষয়। কিন্তু আমি এই বিষয়টাকে সমর্থন করি না। প্রার্থীর বিশ্ববিদ্যালয়জীবনে সহশিক্ষা কার্যক্রমে ভালো অংশগ্রহণ আছে কি না, বাজার সম্পর্কে ধারণা আছে কি না—এসব বিষয় উল্লেখযোগ্য। সে কি কেবল পড়াশোনাই করেছে নাকি তাঁর ধারণা আছে বাংলাদেশে কোন দিকে শিল্প এগোচ্ছে? সেই সঙ্গে প্রার্থীর নেটওয়ার্কিংটাও একটা ব্যাপার। এসব কিছুর ঊর্ধ্বে প্রার্থী মানুষ হিসেবে কেমন, সেটা দেখা হয়। তার মধ্যে শক্তি আছে কি না, স্বপ্ন আছে কি না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।জুয়েল: শুধু স্নাতক বা বিবিএ শেষ করার পর চাকরি পাওয়া যাবে নাকি এমবিএ কিংবা মাস্টার্স আবশ্যক? আসিফ জামান: আমি মনে করি, স্নাতক পার হওয়ার পরই চাকরির দরজা খুলে গেছে। কারণ, কোর্সগুলো এমনভাবে করা হয়েছে যে সবার শিল্প-সংস্থা সম্পর্কে ভালো ধারণা হয়ে যায়। আর এমবিএটা পার্টটাইম করা যায়, কাজের ফাঁকেও করা যাবে। স্নাতক থেকেই চাকরিতে যোগ দিতে কোনো সমস্যা নেই। তবে স্নাতকের পর্যায়ে কেবল পড়ালেখা করলে চলবে না। সেই সঙ্গে বাস্তব অভিজ্ঞতাকে আরও বেশি ঋদ্ধ করতে হবে। কথাবন্ধু: আপনি একজন মানবসম্পদ পরিচালক। আপনি নিজে কাউকে যখন নিয়োগ দেবেন, তখন কোন বিষয়টা গুরুত্ব দেবেন?আসিফ জামান: প্রথমেই চোখ থাকবে সিভির ওপর। সিভিটাই কিন্তু প্রার্থীর সঙ্গে আমার প্রথম যোগাযোগ। আর এই সিভি তৈরিটা একটা শিল্প। এটা যে কেউ ইন্টারনেট ঘেঁটে বা জ্যেষ্ঠ ভাইবোনদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এই সিভিটা মূলত একান্তই একজন প্রার্থীর। অতএব নিজেই নিজের সিভি তৈরি করতে হবে এবং তাতে এমন কিছু রাখতে হবে, যাতে নিজের গুণাবলি, মেধা পরিমাপের মাপকাঠি নির্ণয় করা যায়।কথাবন্ধু: ইন্টারভিউতে যাওয়ার আগে নিজের কী রকম প্রস্তুতি থাকা প্রয়োজন?আসিফ জামান: আমি মনে করি, এর জন্য আলাদা প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রার্থী ঠিক যে পদের জন্য চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন, সেটা সম্পর্কে নিজের ভালো জ্ঞান থাকতে হবে। ওই প্রতিষ্ঠানকে জানতে হবে। এ ছাড়া নিজের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর দিতে হবে। আর দেশ-বিদেশের সাম্প্রতিক সব খবর জানা থাকতে হবে।তানভীর: অনেককেই দেখা যায় যেকোনো প্রতিষ্ঠানে যোগদানের পর খুব দ্রুত চাকরি পরিবর্তন করার। এই বিষয়টি আপনি কীভাবে দেখেন?আসিফ জামান: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ ভাবেন, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে গেলে তাঁর বেতনটা খুব ভালো হবে। কোনো একটা প্রতিষ্ঠানে নিজের পরিশ্রম দিতে না দিতেই যদি স্থান পরিবর্তন করা হয়, তবে তা ওই ব্যক্তির জন্যই খারাপ। ক্যারিয়ার হচ্ছে একটা স্বপ্ন। এই স্বপ্ন কিন্তু আপনাআপনি পূরণ হবে না। এর জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। অনেকে এভাবে দ্রুত প্রতিষ্ঠান করে পরে পায়ের তলায় মাটি খুঁজে পান না। আমার মতে, কোনো প্রতিষ্ঠানে আগে নিজের সেরাটা দিতে হবে আপনাকে।