চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা মো. হোসেন ব্যবসার কাজে নিয়মিত দোহাজারী থেকে চট্টগ্রাম যাতায়াত করেন। একসময় ট্রেনে ব্যবহার করলেও এখন সড়ক পথেই যাওয়া-আসা করেন। দোহাজারী থেকে বাসে চট্টগ্রামের শাহ আমানত সেতু পর্যন্ত আসতে সময় লাগে এক ঘণ্টা। অথচ ট্রেনে সময় লাগে চার ঘণ্টা। তা–ও ভোর পাঁচটায় ট্রেন ছাড়ে বলে এত ভোরে স্টেশনে পৌঁছানো সম্ভব হয় না তাঁর পক্ষে।
১৬ অক্টোবর দোহাজারীতে ট্রেনের যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন করলে এমন কথা বলেন মো. হোসেন। রেলওয়ের এই রুটে একসময় ছয় জোড়া ট্রেন চলাচল করলেও এখন চলছে মাত্র একটি আপ ও একটি ডাউন ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রী না থাকায় এই রুটে ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। লোকসান এড়াতে রেলওয়ে এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অপরদিকে এই রুটে একসময় নিয়মিত যাতায়াত করতেন এমন যাত্রীরা বলছেন, সুবিধাজনক সময়ে ট্রেন না চলায় এবং সময় বেশি লাগায় এই রুটে এখন আর তাঁরা যাতায়াত করেন না। তা ছাড়া ট্রেনে প্রচুর টিকিটবিহীন যাত্রী ওঠেন মালামাল নিয়ে। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
>রেলওয়ের এই রুটে একসময় ছয় জোড়া ট্রেন চলাচল করলেও এখন চলছে মাত্র একটি আপ ও একটি ডাউন ট্রেন
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ৪৭ কিলোমিটার দীর্ঘ এই রুটে একটি আপ ও একটি ডাউন ট্রেন চলাচল করছে। ভোর পাঁচটায় দোহাজারী থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায় সকাল নয়টায়। অপরদিকে চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাওয়া ট্রেন দোহাজারী পৌঁছায় রাত ১০টায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনের একজন চালক বলেন, এই রুটের রেললাইন পুরোনো হয়ে গেছে বলে ট্রেনের গতি কমাতে হয়। তবে এখন লাইনে সংস্কারকাজ চলছে। দোহাজারী থেকে কাঞ্চননগর পর্যন্ত ট্রেনের গতি ১০ কিলোমিটার এবং পটিয়া থেকে ষোলশহর পর্যন্ত ট্রেনের গতি ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। দ্রুতগতির ডেমু ট্রেন চালানো হলে আগের মতো যাত্রী পাওয়া সম্ভব হবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুুল হাই বলেন, এই রুটের ৪৭ কিলোমিটার রেললাইনের ৩৯ কিলোমিটারের সংস্কারকাজ শেষ হয়েছে। বাকি আট কিলোমিটারের কাজ চলছে। সংস্কার পুরোপুরি শেষ হলে ট্রেনের গতি বাড়বে। যাত্রী পরিষেবাও ভালো হবে।
দোহাজারীর স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ১৯৩১ সালে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেলপথ সম্প্রসারিত হয়। ইস্ট বেঙ্গল রেলওয়ের আওতায় (ইবিআর) প্রায় ১২টি ট্রেন উভয়দিক থেকে চলাচল করত। তিনি বলেন, নব্বইয়ের দশক পর্যন্ত এ রেলপথে ভালো যাত্রী হতো। কিন্তু এরপরে ধীরে ধীরে যাত্রী কমতে থাকে।
দোহাজারী জনতা ব্যাংকের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, ‘এই রুটে ডেমু ট্রেন চালুসহ রেলের পরিষেবা বাড়লে অবশ্যই আমরা শহর থেকে ট্রেনে যাওয়া–আসা করতাম। কারণ চট্টগ্রাম যেতে ট্রেনে ভাড়া লাগে ১৪ টাকা। অন্যদিকে সড়কপথে খরচ হয় ৭০ টাকা।’
ক্ষুদ্র ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘ট্রেনে করে প্রতি মণ লাকড়ি শহরে পাঠাতে আমাদের খরচ হতো ২০ টাকা, অথচ সড়ক পথে খরচ হয় ৫০ টাকা। খরচ কম হলেও নিয়মিত মালগাড়ি চলাচল না করায় সড়ক পথেই আমরা মালামাল পরিবহন করি।’ চন্দনাইশ উপজেলার সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ব্রিটিশ আমলে স্থাপিত চট্টগ্রাম-দোহাজারী রেলপথ আজ অবহেলিত। এ ব্যাপারে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ হয়েছে। তাঁরা আমাদের ডেমু ট্রেনসহ ভালো মানের ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন।’