
দেখতে দেখতেই চলে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঘরে ঘরে চলছে প্রস্তুতি। বিশেষ করে গৃহিণীদের এই দিনটিতে ব্যস্ততা থাকে অনেক বেশি। কোরবানির মাংসের সব ঝামেলা তাকেই দেখতে হয়। ঘটনা এখানেই শেষ নয়। রান্নাঘরের পরিচ্ছন্নতার দিকটিও সামলাতে হয় তাকেই।
অনেক মাংস কাটার কারণে রান্নাঘরে একধরনের গন্ধ হয়। এই গন্ধ দূর করার জন্য গরম পানিতে সাবানের সঙ্গে জীবাণুনাশক মিশিয়ে মুছতে হবে। তাতে করে গন্ধ দূর হয়ে যাবে। এয়ার ফ্রেশনারও ব্যবহার করতে পারেন। তা ছাড়া যে বড় পলিথিনে করে মাংস কাটা হয় তা খুব ভালোমতো পরিষ্কার করে নিলে পিঁপড়া বা পোকা আসবে না। অনেকে আবার রান্নাঘরের বেসিনে বা সিংকে মাংস পরিষ্কার করে। এতে মাংসের চর্বি বেসিনের পাইপে জমে যায়। এ সমস্যা থেকে বাঁচতে হালকা গরম পানি ঢেলে দিতে হবে। চর্বি কেটে যাবে।

রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক রীনাত ফওজিয়া বলেন, ‘কোরবানির দিন একটু গুছিয়ে কাজ করলে পরিষ্কার করা নিয়ে বেশি ঝামেলা হয় না। এই দিন রান্নাঘরে মাংস কাটার অনেক কাজ হয়, তাই অবশ্যই মেঝেতে বড় পলিথিন বিছিয়ে নিতে হবে।’ ঈদের আগেই মনে করে পলিথিন কেনার কাজটি করে ফেলতে হবে।
হাতের কাছে জিনিস পেলে অল্প সময়ে কাজ করা যায়। কোরবানির ঈদে রান্নাঘরের কাজই বেশি। সে জন্য ঈদের আগেই সব গুছিয়ে রাখুন। যেসব জিনিসের ব্যবহার বেশি হবে, তা হাতের কাছেই রাখুন। মসলার বাক্সগুলো পরিষ্কার করে ফেলুন। বড় হাঁড়ি-পাতিল, সসপ্যানগুলো ওপরের তাক থেকে নামিয়ে পরিষ্কার করে নিন। প্রেশার কুকারটি ঠিকঠাক আছে কি না দেখে নিলে ভালো হয়। চাপাতি, বঁটি, ছুরিতে ধার দেওয়া আছে কি না দেখে নিন। ঈদের দিনের অতিথির সম্ভাব্য সংখ্যা ভেবে রাখুন। সে অনুযায়ী তৈজসপত্র পরিষ্কার করে ফেলুন। পরে তাড়াহুড়োয় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। রান্নার উপকরণ তালিকা অনুযায়ী কিনে রান্নাঘরে গুছিয়ে রাখুন। বিশেষ করে গ্যাসের চুলা ও ফ্রিজটি ভালোমতো কাজ করছে কি না তা দেখে নিন।