পরিসংখ্যান বিভাগের প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলাসহ দেশের ছয়টি জেলায় প্রথমবারের মতো রোহিঙ্গা শুমারির প্রস্তুতি শুরু হয়েছে। পরিসংখ্যান কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ হলে ফেব্রুয়ারি মাসেই শুরু হতে পারে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের গণনা। ‘বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের শুমারি’ নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
শুমারি শুরু করার লক্ষ্যে ২৯ ও ৩০ জানুয়ারি ছয় জেলার পরিসংখ্যান কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে পরিসংখ্যান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। পরিসংখ্যান বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, রোহিঙ্গা নামে পরিচিত মিয়ানমারের কত সংখ্যক নাগরিক দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এ বিভ্রান্তি দূর করার জন্য কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও পটুয়াখালী—এই ছয়টি জেলায় অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের গণনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিবিএসের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ছবি ও সাধারণ তথ্যসংবলিত একটি তথ্যভান্ডার তৈরি করা। যেখানে রোহিঙ্গাদের বর্তমান অবস্থান এবং বাংলাদেশে অনুপ্রবেশের আগে মিয়ানমারে মূল বাসস্থানের ঠিকানা থাকবে। পাশাপাশি এই শুমারিতে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কারণ এবং আর্থসামাজিক ও জনমিতি-সংক্রান্ত তথ্যও উঠে আসবে।
বান্দরবানের জেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান সহকারী সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা শুমারির আওতায় নিয়ে আসা প্রতিটি জেলাকে জনসংখ্যা অনুযায়ী কয়েকটি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক কর্মকর্তা নিয়োগ করা হবে। ঢাকায় এই আঞ্চলিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর আঞ্চলিক কর্মকর্তারা নিজ অঞ্চলের গণনাকারীদের প্রশিক্ষণ দেবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একজন করে গণনাকারী চিহ্নিত রোহিঙ্গাদের গণনা করবেন।
জনসংখ্যা অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলাকে ১৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কোনো রোহিঙ্গা যাতে গণনা থেকে বাদ না পড়ে, সে জন্য আঞ্চলিক কর্মকর্তাদের অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ব্যাপারে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
পরিসংখ্যান কর্মকর্তারা জানান, ৩০-৪০ বছর আগে যেসব রোহিঙ্গা এ দেশে এসেছে, এমনকি ভোটার তালিকায়ও অন্তর্ভুক্ত হয়েছে ও জন্মনিবন্ধন করেছে, তাদেরও গণনা থেকে বাদ দেওয়া হবে না। অর্থাৎ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় লোকজন যাদের রোহিঙ্গা হিসেবে জানে ও চেনে, তাদের সবাইকে রোহিঙ্গা হিসেবে গণনা করা হবে।
বান্দরবান জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, প্রশিক্ষণ শেষেই মিয়ানমারের নাগরিকদের শুমারি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আগামী মাসেই শুমারি শুরু হবে কি না, এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আঞ্চলিক কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে গণনাকারীদের প্রশিক্ষণ শেষ হলে শুমারি শুরু হবে।