পরিস্থিতি অবশ্যই পাল্টে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখনো সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি লাখ জীবিত জন্মে ১৭০ জন মা মারা যাচ্ছেন। এ জন্য প্রয়োজন প্রসবকালীন মায়ের সঠিক চিকিৎসা। কিন্তু চিকিৎসা দূরের কথা, সন্তান প্রসবকালে একজন মা দক্ষ মিডওয়াইফের সেবাও পান না। এই সংকট নিরসনে সরকার মিডওয়াইফারির ওপর ডিপ্লোমা কোর্স চালু করেছে। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) সভাপতি হালিমা আক্তারের সঙ্গে।

হালিমা আক্তার
হালিমা আক্তার

প্রথম আলো: সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে মিডওয়াইফারির ওপর ডিপ্লোমা কোর্স চালু করেছে। আপনি কি মনে করেন, এতে সংকট নিরসন হবে?
হালিমা আক্তার: সরকার যে ধরনের উদ্যোগ নিয়েছে, তাতে অনেক সমস্যারই সমাধান হবে বলে আমার বিশ্বাস। দেশে যে হারে মাতৃমৃত্যু হচ্ছে, সে অবস্থা নিরসনে অবশ্যই কাউকে না কাউকে উদ্যোগ নিতেই হবে। এ ক্ষেত্রে সরকার যেহেতু বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, এতে পরিস্থিতি অবশ্যই পাল্টে যাবে। কারণ, যাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাঁরা স্বাভাবিক উপায়ে প্রসব (নরমাল ডেলিভারি) করাবেন। যখন দেখবেন, স্বাভাবিক উপায়ে প্রসব সম্ভব নয়, তখনই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবেন। এই প্রক্রিয়ার ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার অনেকটাই কমে যাবে। আরেকটি বিষয় লক্ষণীয়, বাংলাদেশে ৮০ শতাংশ লোক গ্রামে বাস করেন; যাঁরা বিভিন্ন নাগরিক সুবিধা পান না। এর মধ্যে চিকিৎসাসেবা অন্যতম। আবার আমাদের দেশে যতগুলো হাসপাতাল আছে, সব মা সেখানে প্রসব করাতে গেলেও হয়তো স্থান সংকুলান হবে না। তাই প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের যদি গ্রামে গ্রামে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে সংকট অনেকটাই দূর হবে।
এ কারণেই মিডওয়াইফারি প্রশিক্ষণ দেশের জন্য অবশ্যই যুগান্তকারী একটি সিদ্ধান্ত। আমি নিজেও এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু জেনেছি। এই প্রশিক্ষণের সিলেবাস, পাঠ্যসূচিসহ আনুষঙ্গিক সবকিছুই বৈশ্বিক মান বজায় রেখেই সাজানো হয়েছে। তাই আমার বিশ্বাস, এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে।
প্রথম আলো: মিডওয়াইফারির ওপর ডিপ্লোমা কোর্সটি কত বছরের? আর এতে কতজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে?
হালিমা আক্তার: তিন বছরের ডিপ্লোমা কোর্স এটি। ২০১৩ সালে ২০টি নার্সিং ইনস্টিটিউটে ৫২৫ জনকে ভর্তি করা হয়। ২০১৪ সালে ইনস্টিটিউটের সংখ্যা ২৭টিতে উন্নীত করা হয়। আসন বরাদ্দ করা হয় ৭০০টি। ২০১৫ সালে ৩১টি ইনস্টিটিউটে ৮০০ জনকে ভর্তি করা হয়। ২০১৩-তে যাঁরা ভর্তি হয়েছিলেন, তাঁরা এ বছরের ডিসেম্বরে বের হবেন।
প্রথম আলো: প্রশিক্ষিত মিডওয়াইফদের কোথায় নিয়োগ দেওয়া হবে?
হালিমা আক্তার: প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফদের দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেেন্দ্র চারজন করে ও ইউনিয়ন পর্যায়ে একজন করে নিয়োগ দেওয়া হবে।
প্রথম আলো: প্রশিক্ষণ দেওয়ার এ ধারা কি ভবিষ্যতেও অব্যাহত থাকবে?
হালিমা আক্তার: এ কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। কার্যক্রম চালানোর জন্য ২০০ জন শিক্ষক বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সরকার মিডওয়াইফারি প্রশিক্ষণ কোর্সের পাঠ্যসূচি ও সিলেবাস তৈরি করেছে। আয়োজনটা এত ব্যাপক যে আমরা আশা করছি, এর ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রথম আলো: বাংলাদেশে এখনো সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি লাখ জীবিত জন্মে ১৭০ জন মা মারা যাচ্ছেন। সরকার ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর এ হার ১৪৩-এ নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। মিডওয়াইফারির ওপর যাঁরা ডিপ্লোমা করছেন, তাঁরা একসময় দক্ষ মিডওয়াইফ হয়ে বের হবেন। আপনি কি মনে করেন তাঁদের মাধ্যমে মাতৃমৃত্যুর হার লক্ষণীয়ভাবে কমে যাবে?
হালিমা আক্তার: প্রথমেই কমবে না। এখন তো মিডওয়াইফরা প্রশিক্ষণ নিচ্ছেন। যখন তাঁরা মাঠপর্যায়ে কাজ করতে যাবেন, তখন বোঝা যাবে, আগের চেয়ে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কতটা কমানো যাবে। তবে ধীরে ধীরে এ হার অবশ্যই কমে আসবে।