বিএনপি-জামায়াতের ডাকা আজ সকাল থেকে টানা ৩৬ ঘণ্টা হরতালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হচ্ছে। বিশেষ করে হরতাল কর্মসূচি শুরুর আগমুহূর্ত থেকে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন ও আশপাশের এলাকায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে। একই সময় থেকে জামায়াতে ইসলামীর চন্দনপুরা কার্যালয়ও পুলিশ ঘেরাও করে রাখবে বলে জানা গেছে।এদিকে, হরতাল কর্মসূচি সফল করতে বিএনপি মাঠে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। কৌশলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। হরতাল কর্মসূচিতে মাঠ দখলে রাখার প্রত্যয় ব্যক্ত করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখাসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি হরতাল ডেকেছে। কর্মসূচি সফল করতে আমাদের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করবেন তাঁরা।’আমীর খসরু আরও বলেন, ‘মিছিল ও সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। সরকার এসবে বাধা দিচ্ছে বলে বিএনপি হরতাল ডাকতে বাধ্য হচ্ছে। এসব বাধার কারণে তো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’ গত রোববার অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালন এবং পরদিনের কর্মসূচি পালন নিয়ে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে নগরের রাজনীতিতে উত্তাপের সৃষ্টি হয়েছিল। পুলিশ সূত্র জানায়, গত সপ্তাহের ঘটনার অভিজ্ঞতা থেকে পুলিশ আজকের ডাকা কর্মসূচি পালনের সময় বেশ সতর্ক অবস্থানে থাকছে। এ জন্য নাসিমন ভবন, জুবিলি রোড, লালখান বাজার, আসকার দীঘির পাড়, জামালখান, লাভ লেন, সিআরবি, আলমাস সিনেমা হলসহ আশপাশের এলাকায় প্রয়োজনের চেয়ে বেশি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে নগরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মিছিল থেকে উসকানিমূলক কর্মকাণ্ড যাতে পরিচালিত হতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে একাধিক কর্মকর্তা জানান।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কাউকে বাধা দেবে না। তবে গাড়ি ও দোকানপাট ভাঙচুর কিংবা জানমালের ক্ষতিকর—এমন কিছু করতে দেওয়া হবে না। তাই এবার নাসিমন ভবন ছাড়াও আশপাশের এলাকায় প্রায় দুই হাজার পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরও এবার মাঠে থাকতে পারে। গত রোববারের হরতাল কর্মসূচি পালনের সময় ছাত্রশিবির চট্টগ্রাম কলেজসংলগ্ন প্যারেড মাঠের কাছে ঝটিকা মিছিল করে। পুলিশ তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। তাই আজকের হরতালের আগে শিবিরের নেতা-কর্মীদের অবস্থানে পুলিশ অভিযান চালাতে পারে বলে দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ইঙ্গিত দিয়েছেন। পুলিশ আজ সকাল থেকে জামায়াতের চন্দনপুরা এলাকার দলীয় কার্যালয় ঘেরাও করে রাখতে পারে। জামায়াতে ইসলামীর মহানগরের আমির ও সাংসদ শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টানা দুদিনের কর্মসূচি পালনের সময় আমাদের নেতা-কর্মীরা মাঠে থাকবেন।’ তাঁর অভিযোগ, সরকার সংবিধান সংশোধনের নামে তামাশা করছে।