বিএনপি-জামায়াতের হরতাল প্রতিরোধে এক হতে পারছে না চট্টগ্রামের আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ। তবে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অংশ মাঠে থেকে হরতালের বিপক্ষে জনমত সৃষ্টির ঘোষণা দিয়েছে। এ জন্য তারা গত শুক্র ও শনিবার রাতে মহিউদ্দিন চৌধুরীর বাসায় বৈঠক করে। দলের নগর কমিটির যুগ্ম সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা হরতালে মাঠে না থাকার পরিকল্পনা নিয়েছেন। তাঁরা মনে করছেন, হরতালের বিপক্ষে অবস্থান নিয়ে মাঠে নামলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে পারে। এতে হরতাল কর্মসূচি আরও কঠোরভাবে পালিত হতে পারে।এ অংশের অপর নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপি হরতাল দিয়েছে। এখন আমাদের রাস্তায় দৌড়াদৌড়ি করা ঠিক হবে না। কেন্দ্রীয়ভাবেও হরতাল প্রতিরোধের জন্য এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই আমরা গণমাধ্যমসহ বিভিন্ন কৌশল ব্যবহার করে অযৌক্তিক হরতালের বিরুদ্ধে জনমত গড়ে তুলব।’ তিনি বলেন, হরতালের পক্ষ-বিপক্ষ শব্দ দুটিই এখন সাধারণ মানুষের কাছে আতঙ্কের।মহিউদ্দিন চৌধুরীর পক্ষের বলে পরিচিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ হরতালে বিএনপির কর্মীরা মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করেছে। অসংখ্য যানবাহন ভাঙচুর করেছে। এ জন্য এবার আমরা মাঠে থাকার পরিকল্পনা নিয়েছি।’ তিনি বলেন, ‘এ পরিকল্পনার অংশ হিসেবে নগরের বিভিন্ন ওয়ার্ড ও পয়েন্টে আমাদের কর্মীরা সক্রিয় থাকবেন। ইতিমধ্যে আমরা দুই দফায় বৈঠক করে নেতা-কর্মীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি।’ দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর পক্ষের দলীয় নেতা-কর্মীদের আজকের হরতালে নগরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাজে লাগানো হচ্ছে বেশি। তাঁরা রাস্তায় যানবাহন চলাচলে সহায়তা করবেন। বিরোধীদলের ডাকা আগের একটি হরতালে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে নিজেই মাঠে নেমেছিলেন মহিউদ্দিন চৌধুরী। লালখান বাজারের ইস্পাহানি মোড়ে অবস্থান করে তিনি কিছু যাত্রীবাহী বাস চলাচলে সীমিত আকারে সহায়তা দেন। এবার এ ধরনের কর্মকাণ্ড বৃহত্তর আঙ্গিকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের এই পক্ষ। এ প্রসঙ্গে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হরতালে কোনো দোকানপাট কিংবা যানবাহন ভাঙচুর হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিরোধ করব। এ জন্য আমাদের নেতা-কর্মীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এবারের হরতালে কেবল কোতোয়ালি, দেওয়ানহাট মোড় নয়, প্রয়োজনে কাজীর দেউড়ির বিএনপি কার্যালয়ের আশপাশেও আমাদের নেতা-কর্মীরা অবস্থান করবেন। এ ব্যাপারে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত দিয়েছেন।’