পরী-বর্তন
ঈদের এই পৌনে ফাঁকা ঢাকাতে আমার অ্যানটিক গাড়িটার এক্সেলেটরে চাপ দিতেই কঁকিয়ে উঠল ওটা। বহুদিন বেচারা চাপ খায়নি এমন। একটা ঝাঁকুনি দিয়েই তাড়া খাওয়া কুকুরের মতো উদ্ভট আওয়াজ করে হঠাৎ খিঁচে দিল দৌড়।‘কী করছ?’ চিৎকার করে উঠে প্রায় চিৎপটাং পরী। আমার পাশে, মানে ড্রাইভিং সিটের ওপর পড়িমড়ি অবস্থা পরীর। পরী লাইলি খালার মেয়ে। আমার সঙ্গে ওর সম্পর্কটা প্রায় খালার নামে নামেই। এই নামতাটা আমাকে প্রায়ই পড়তে হয়! মিটিমিটি হেসে বলি, ‘তারটা অ্যাডজাস্ট করতে হবে।’ খিটিমিটি স্বরে ও বলে, ‘অ্যাডজাস্ট না, পরিবর্তন করো।’ জলবায়ু পরিবর্তনের ওপর ইদানীং পড়াশোনা করছে, তাই সবকিছুই পরিবর্তনের দিকে ওর ঝোঁক বেশি।‘আরে! তাই তো।’ উৎসাহিত হই আমি পরীর পরিবর্তনে। বলি, ‘একজ্যাক্টলি।’পরী: কী?আমি: পরিবর্তন!পরী: কিসের? তোমার তারের?আমি: তার-বেতার সবকিছুর। একটা জিনিস মার্ক করেছিস?পরী: কী?আমি: আসলেই কিন্তু গত দিনগুলোতে অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে। আমরা টের পাইনি।পরী: রাইট। অনেক—অনেক কিছুর।আমি: চল, এক খেলা খেলি।পরী: কী খেলা?আমি: পরিবর্তনের বাজি খেলা। যে যতটা পরিবর্তনের কথা বলতে পারবে, তার ততটা ১০ নম্বর করে জমা পড়বে। আশুলিয়া পৌঁছামাত্র খেলা শেষ।পরী: যে জিতবে?আমি: সে হারু পার্টিকে পরিবর্তন করে ফেলবে। চমকে ওঠে পরী। চোয়াল শক্ত হতে থাকে ওর, আর দৃষ্টি হতে থাকে স্থির। সিরিয়াস শান্ত গলায় বলে, ‘আমি রাজি। দুই বছরের প্রেম এমন কিছুই নয়। একবার কক্সবাজার আর দুবার পাতায়্যা বিচ ঘুরে এলেই ভুলে যাওয়া যাবে পুরোনো প্রেমিককে। ‘লেটস স্টার্ট। লেডিস ফার্স্ট’, বলি আমি। পাথরের মূর্তির মতো সিরিয়াস পরী।পরী: পরিবর্তন এসেছে মসলায়। আগে শিল-পাটায় মসলা পিষে রান্না করা হতো। এখন গুঁড়ো মসলায় রান্না হয়। টেন মার্কস।আমি: কিন্তু বেশির ভাগ মসলার গুঁড়োয় নাকি ইটের গুঁড়ো মেশানো হয়। পরিবর্তন।মসলায় ইট মেরে ১০ নম্বর নিই।পরী: ম্-ম্-ম্-। পরিবর্তনের হাওয়া লেগেছে রাজপথেও।আমি: কেমন?পরী: আগে ঢাকায় ফ্লাইওভার ছিল না, এখন হয়েছে। দশ-দশ-বিশ।পাক্কা নকলটা মেরে দেয় পরী। আমরা এখন ফ্লাইওভারের ওপরেই। আমিও মওকা পেয়ে যাই ফ্লাইওভারের মাঝখানে, হঠাৎ অনাকাঙ্ক্ষিত একটা জ্যাম পেয়ে।আমি: অ্যাহ্, বড় পরিবর্তনের হাওয়া দেখাচ্ছে। ট্র্যাফিক জ্যামে কি পরিবর্তনের বাতাস লাগেনি? আগে ফ্লাইওভারের ওপর কি এ রকম ট্র্যাফিক জ্যাম ছিল? দশ-দশ-বিশ।পরী এবার দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে।পরী: ওকে, ঠিক আছে। পরিবর্তন তো লেগেছে ড্রিংকিং ওয়াটারেও। আগে মানুষ ট্যাপের পানি খেত, এখন ঘরে ঘরে মিনারেল ওয়াটার। বিশ-দশ-তিরিশ।আমি: আর পরিবর্তনের সুবাতাস বয়ে গেছে ওই মিনারেল ওয়াটারের জারেও। প্রচুর ট্যাপের পানি পাচ্ছে ওগুলোতে মোবাইল কোর্ট। বিশ-দশ-তিরিশ।পরী: আগে ঘরে ঘরে ছিল ল্যান্ডফোন। পরিবর্তনের ছোঁয়ায় এখন হাতে হাতে মোবাইল ফোন। তিরিশ-দশ-চল্লিশ।আমি: আগে শুধু অফিসে অফিসে থাকত কম্পিউটার, পিসি। এখন সবার কোলে ল্যাপটপ। পরিবর্তনের ধাক্কায় কম্পিউটার টেবিল থেকে লাফ দিয়ে কোলে উঠে বসেছে। তিরিশ-দশ-চল্লিশ।পরী দাঁতে দাঁত চেপে আড়চোখে তাকায়, ঝাঁকি দেয়।পরী: আগে গাড়ি চালাত শুধু বড়লোকেরা। এখন ছোটলোকেরাও গাড়ি চালায়। চল্লিশ-দশ-পঞ্চাশ। খোঁচাটা খেয়ে একটু দমে যাই। খাঁকারি দিয়ে গলাটা পরিষ্কার করে বলি, পরিবর্তনের বাতাস লেগেছে সিনেমার হলেও। সিনেমার হলগুলো সব মার্কেট হয়ে যাচ্ছে। চল্লিশ-দশ-পঞ্চাশ।পরী (হেসে বলে): তাতে কী? পরিবর্তন হয়নি কি টুথপেস্টে? আগে টুথপেস্ট থাকত মেটালিক টিউবে, এখন থাকে প্লাস্টিক টিউবে। পঞ্চাশ-দশ-ষাট। পরিবর্তন এসেছে ওয়াশিং-পদ্ধতিতেও। আগে বিদেশি ক্রিকেটাররা আমাদের হোয়াইটওয়াশ করত, এখন আমরা ওদের হোয়াইটওয়াশ করে ফেইসওয়াশ নিয়ে ঘুমুতে যাই। ষাট-দশ-সত্তর।দমে যাই। এগিয়ে গেছে পরী। বলি: তাতে কী? পরিবর্তন তো এসেছে বই মানে BOOK-এও। আগে মানুষ ঘুমাত BOOK পড়ে, এখন ঘুমায় ফেস BOOK পড়ে। পঞ্চাশ-দশ-ষাট। আগে ল্যাবরেটরিতে ফরমালিন থাকত ব্যাঙের জন্য, এখন ফরমালিন থাকে আড়তে মাছের জন্য। সত্তর। পরিবর্তনের বাতাস পেয়েছে মুরগি। আগে শুধু দেশি মুরগি ছিল, এখন ফার্মের মুরগির রাজত্ব। আশি। ফার্মের মুরগির ডিমেরাও হটিয়ে দিয়েছে হাঁস ও দেশি মুরগির ডিমদের। পরিবর্তনের বাতাস লেগেছে ডিমের বাজারেও। নব্বই। পরিবর্তন হয়নি শুধু হাঁসের। একই রকম রয়ে গেছে ওরা। খালি প্যাঁক প্যাঁক করেই চলেছে।পরী: শাটাপ। থামো। আশুলিয়া তো এসে গেলাম। কাঁদো কাঁদো গলা ওর।আমি: সে তো দেখতেই পাচ্ছি। স্কোরটাও দেখতে পাচ্ছি বেশ। হা হা হা!পরী: শয়তানের মতো হেসো না, হেরেই যখন গেছি, দাও আমাকে নামিয়ে।আমি: সেটা এখন না। ঈদের ছুটি শেষ হলে একজনের হাতে তুলে দিয়ে তোকে চেঞ্জ করে নেব। এখন তো সব বন্ধ।পরী: হো-য়া-ট?প্রায় কেঁদেই ফেলবে বোধ হয়।আমি: রাইফেলস স্কয়ারটা খোলা থাকলেও না হয় সেই স্মার্ট, হ্যান্ডসাম দোকানের ছেলেটার—!এবার কেঁদেই ফেলে পরী।পরী: আর নামিয়ো না, প্লিজ। আমাকে গাড়ি থেকেই নামিয়ে দাও বরং।আমি: শোন। তোর চুলের এই ব্যাঙকাট, লেয়ারকাট আর ভালো লাগছে না। ঈদ বন্ধের পর পারলারে তোকে তুলে দিয়ে আসব চুলে একটা ব্লান্টকাট দিয়ে হেয়ারস্টাইলটা চেঞ্জ করে দিতে। আর ওই দোকানদারের কাছে একজোড়া বড় ইয়াররিং দেখেছি, যা তোর ব্লান্টের সঙ্গে যাবে ভালো। এক ফুঁৎকারে আমি তোর মধ্যে পরিবর্তনের ছোঁয়া লাগিয়ে দেব, দেখিস।আকর্ণ বিস্তৃত হাসিতে ভেসে যায় পরী। লাজুক গলায় বলে।শোনো—।আমি: বল।পরী: শুধু হাঁস নয়, তুমিও না একদম পরিবর্তন করোনি নিজেকে। শুধু পরিবর্তন যা করেছ তা হচ্ছে, আগের মতো প্যাঁক প্যাঁক করো না—এই যা।[email protected]