পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল লাইনে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। তারা যে অনেকক্ষণ থেকে ঝগড়া করছে, তা তাদের চেহারায় প্রতীয়মান। মেয়েটি রেগে গেলে তার চোখ রক্তের মতো লাল হয়, চোখ থেকে অঝোরধারায় অশ্রু গড়িয়ে পড়ে। মেয়েটির চোখ এখন রক্তের মতো লাল। অশ্রুও ঝরছে প্রচুর। মেয়েটি একবার ছেলেটির কাছে জানতে চায়, ‘কী করলে তুমি বুঝবে আমি তোমাকে সত্যি ভালোবাসি।’ ছেলেটি বেশ কিছুক্ষণ এর কোনো জবাব দেয় না। নিস্তব্ধতায় কেটে যায় আরও এক মুহূর্ত।
এমন সময় ট্রেনের হুইসেল কানে আসে ছেলেটির। ট্রেনের দিকে তাকিয়ে ছেলেটি জানতে চায়, ‘আমার জন্য মরতে পারবে?’ মেয়েটি এমন প্রশ্নে কিছুটা অবাক হয়, কোনো উত্তর করে না। ধীরে ধীরে ট্রেন কাছে চলে আসে। ছেলেটি রেললাইন থেকে নিচে নামে কিন্তু মেয়েটি ঠায় দাঁড়িয়ে থাকে রেললাইনের ওপর। ছেলেটি মাথা ঘুরিয়ে নেয়। মৃত্যুর বিভীষিকা না দেখে বরং সে মাথার চুল টানতে থাকে। ট্রেন চলে যায়। ট্রেন চলে গেলে ধীরে ধীরে মাথা ফিরিয়ে তাকায় ছেলেটি। হয়তো ভাবে, মেয়েটির ছিন্নবিচ্ছিন্ন শরীরটাকে পড়ে থাকতে দেখবে সে। কিন্তু না। মেয়েটি ঠায় দাঁড়িয়ে আছে রেললাইনের ওপারে। ছেলেটি ধীরে ধীরে মেয়েটির কাছে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার মাথা উঁচু করে কথা বলে, ‘আমি তোমাকে হারানোর জন্য নয়, পাওয়ার জন্য পরীক্ষা দিতে চাই।’ মেয়েটির কথা শুনে এবার মাথা নিচু করে ছেলেটি।