পরীক্ষা ও রেজাল্টের মধ্যবর্তী দিনগুলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন

টেনশনে সবকিছু যেন ভুলতে বসেছি! পরীক্ষাটা কেমন হয়েছিল ঠিক জানি না। ভালো না খারাপ, মনে পড়ছে না। ৯ নম্বর প্রশ্নটা যেন কী ছিল? সবকিছু কেমন যেন লাগছে; স্বাদ, গন্ধ, বর্ণহীন! কী এক অদ্ভুত অবস্থা, মুরগিও লাগছে পানির মতো, ভাতও লাগছে পানির মতো, পানিও লাগছে পানির মতো। ও আচ্ছা মনে পড়েছে, ৯ নম্বর প্রশ্নটা পানি নিয়ে ছিল, কিন্তু কী ছিল? কিছুতেই মনে করতে পারছি না।

দ্বিতীয় দিন

এখন ৯ নম্বর প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলোর কথা একদমই মনে করতে পারছি না। সবাই দেখলাম ১৭ নম্বর প্রশ্নটা নিয়ে বেশ আলোচনা করছে। বেশ সহজ ছিল মনে হয়। না কঠিন ছিল? মনে পড়ছে না। পানি দেখলেই হাঁ করে তাকিয়ে থাকি এখন। আজ গোসল করতে গিয়ে কল ছেড়ে দেখলাম, কল থেকে পানি পড়ছে। মনে হলো, কী অদ্ভুত দৃশ্য! যেন কোনো দিন কল থেকে পানি পড়তে দেখিনি। কতক্ষণ তাকিয়ে ছিলাম জানি না। কতক্ষণ পর মা ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে বললেন, ‘দুই ঘণ্টা ধরে বাথরুমে কী করছিস? ঘুমিয়ে পড়লি নাকি?’ ও মনে পড়েছে। ১৭ নম্বর প্রশ্নটায় কিসের যেন সময় বের করতে বলেছিল।

তৃতীয় দিন

আমার স্মৃতিবিভ্রম হচ্ছে, বায়োলজি পার্টের প্রশ্ন মনে করা তো দূরের কথা, বায়োলজি পার্ট আনসার করতে পারলাম কি না, তা-ও জানি না! প্রাণিবিদ্যা নিয়ে সবাই অনেক কথা বলছে, সেটার প্রশ্ন নাকি কঠিন ছিল। এসবই ভাবছিলাম। ঠিক তখনই সামনে দিয়ে একটা তেলাপোকা উড়ে গেল। কী সুন্দর লাগল দেখতে, আচ্ছা তেলাপোকারা কি কথা বলতে পারে? তেলাপোকাদের কি মন খারাপ হয়? ও আচ্ছা, মনে পড়েছে, তেলাপোকা নিয়েও একটা প্রশ্ন ছিল। ছিল কি?

চতুর্থ দিন

সেদিন লাবু ভাই আর কলি আপুর বিয়ের দাওয়াত খেতে গেলাম। গিয়ে কেমন যেন অদ্ভুত লাগছিল সবকিছু! মনে হচ্ছিল, আশপাশে সব অণু-পরমাণু ঘুরছে। আচ্ছা, হাইড্রোজেন আর ক্লোরিনের যদি বিয়ে হতো, কেমন হতো তাহলে? মানুষেরই কেবল বিয়ে হতে পারে? অণু-পরমাণুর নয় কেন? এ কেমন বিচার? কী সব যে ভাবতে লাগলাম! মাথা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে! পাগল–টাগল হয়ে গেলাম না তো? হাইড্রোজেন আর ক্লোরিন নিয়েও কোনো প্রশ্ন এসেছিল নাকি?

পঞ্চম দিন

আজ হঠাৎ মনে পড়ল অঙ্কের পার্টটাও খারাপ হয়েছিল আমার। কী লিখতে কী লিখেছি কে জানে। সবকিছু ভুলে যাচ্ছি। মা আজ বাজারে পাঠালেন, ফিরে এসে দেখি, আমি ২০০ টাকার হিসাব কিছুতেই মেলাতে পারছি না। অঙ্কের পার্ট আমার খারাপ হবে না তো আর কার হবে? বাজারে গিয়ে সবকিছুর দাম শুনে হিসাব-নিকাশ করতে গিয়ে আমার খালি অঙ্কের কথা মাথায় ঘুরছিল। পরে অবশ্য মনে পড়ল, আমি কয় কেজি কাঁচা মরিচ যেন ফেলে এসেছি। কিন্তু কাঁচা মরিচ কি না, তা আদৌ মনে পড়ছে না।

ষষ্ঠ দিন

আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এখন আমি পরীক্ষা দিয়েছিলাম কি না, তা-ই মনে পড়ছে না! নিজেকে অনেক উঁচু দরের দার্শনিক মনে হচ্ছে। মানবজীবনই যেখানে একটা পরীক্ষা, সেখানে এত ছোটখাটো পরীক্ষা নিয়ে টেনশন করে কী লাভ! যা হওয়ার তা তো হবেই। এমনকি পরীক্ষা দিয়েই বা কী লাভ? যা হওয়ার তা তো হবেই। যখন ওই সব দার্শনিক তত্ত্ব ভাবছিলাম, ঠিক তখনই মা ভাত খেতে ডাকলেন। উত্তরে বললাম, ‘এত খেয়ে কী লাভ? যা হওয়ার তা হবেই!’ পরে মা বললেন, না খেলে নাকি মারা যাব। তখন ভাবলাম, এত বেঁচে থেকে কী হবে, যা হওয়ার তা তো হবেই। অবস্থা দেখে আমার মায়ের অবস্থা পুরো কাহিল। আর আমার অবস্থা? যা হওয়ার তা তো হবেই!

সপ্তম দিন

আজকে আমার সত্যিই কিছু মনে পড়ছে না! মনে হচ্ছে, এই মাত্র আমি পৃথিবীতে এলাম। এই পৃথিবীর আমি কিছুই জানি না। পরে মনে পড়ল, আজ আমার ডায়েরি লেখার কথা ছিল। কিন্তু ডায়েরিটা যে কোথায়, সেটাই ভুলে গেছি! পরে অবশ্য পেয়েও গেছি। কিন্তু ডায়েরিতে কী লিখব তা-ই ভুলে গেছি। এখন অবশ্য হালকা হালকা মনে পড়ছে পরীক্ষা বা রেজাল্ট—এই জাতীয় কিছু একটা মাথায় হাতুড়ির মতো আঘাত করছে ক্রমাগত। মনে হচ্ছে একটা কাঠঠোকরা ঠক ঠক ঠক করেই যাচ্ছে...করেই যাচ্ছে...!