পরীক্ষা ছাড়াই মিয়ানমার থেকে আসছে গবাদিপশু
সরকার বিশেষ সতর্কতা (রেড অ্যালার্ট) জারির পরও টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে মিয়ানমার থেকে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গবাদিপশু আসছে। টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম রুট দিয়ে অসংখ্য গরু, ছাগল ও মহিষ চলে আসছে কক্সবাজার, চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও টেকনাফের তত্ত্বাবধায়ক (ইনচার্জ) শংকর কুমার চক্রবর্তী কোনো পরীক্ষা ছাড়াই দেশে গবাদিপশু ঢোকার কথা স্বীকার করে বলেন, দেশের কিছু কিছু জায়গায় অ্যানথ্রাক্স দেখা দিলেও এখনো কোনো মানুষ আক্রান্ত হয়ে মারা যায়নি। শাহপরীর দ্বীপ করিডোরের দায়িত্বে নিয়োজিত বিডিআরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এ করিডোর দিয়ে গবাদিপশু মিয়ানমার থেকে আসছে কিন্তু এখানে কোনো ধরনের পরীক্ষার ব্যবস্থা নেই। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তেমন কোনো মাথাব্যথা দেখা যাচ্ছে না। অবশ্য ১৬ সেপ্টেম্বর টেকনাফ প্রশাসনের পক্ষ থেকে অ্যানথ্রাক্স রোগের বিস্তার ঠেকাতে প্রাণিসম্পদ দপ্তর উপজেলা নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। নিয়ন্ত্রণ কক্ষ তদারকি রোগ (অ্যানথ্রাক্স) সম্পর্কে অতীব জরুরি পরামর্শ ও তথ্য দেবে—এমনটি বলা হয়েছে। সচেতনমহল জানাচ্ছেন, এখানে নিয়ন্ত্রণ কক্ষের চেয়ে জরুরি সীমান্ত পেরিয়ে আসা পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা। জানা যায়, টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট সাবরাং, নিলা, মৌলভীবাজার, উনচিপ্রাং, হোয়াইক্যং ও শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে প্রতিদিন বৈধ ও অবৈধভাবে বিপুলসংখ্যক গবাদিপশু আসছে। মিয়ানমার থেকে আসা এসব পশু স্থানীয় হাট-বাজার ও দেশের বিভিন্ন জেলা সদরে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে। সারা দেশে গবাদিপশু অ্যানথ্রাক্স আক্রান্তের আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয় বাজারে মাংস বিক্রি অনেক কমে গেছে। তাতেও স্থানীয় প্রশাসন এসব গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষা না করায় সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আগে প্রতিদিন পাঁচ-সাতটি গরু জবাই করা হলেও বতমানে এক-দুটি বিক্রি করতে কষ্ট হচ্ছে বলে তাঁরা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, মিয়ানমার থেকে আসা গবাদিপশুগুলো পরীক্ষার আওতায় আনা অবশ্যই জরুরি। এ ব্যাপারে সীমান্ত পয়েন্টে সব ব্যবস্থা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি প্রথম আলোকে জানান।