পরীক্ষা তো এসেই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীতে পড়ুয়া পড়শী গান গেয়েই মাতিয়ে রাখে শ্রোতাদের। তবে পড়াশোনাটাকে কিন্তু হেলাফেলা করেনি। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা। পড়শী জানায়, ‘পড়াশোনাটা নিয়ম করেই চালিয়ে যাচ্ছি।’ অন্যদিকে ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শেষ। এখন সময়টা হলো চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার। ভিকারুননিসা নূন স্কুলের এসএসসি পরীক্ষার্থী পৃথ্বি বলে, ‘প্রস্তুতি বেশ ভালোই, তবে পরীক্ষার কথা মনে হলে হাত-পা ঠান্ডা হয়ে আসে।’আবার ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণী আর প্রাথমিক শ্রেণীগুলোর বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ। সন্তানের পাশাপাশি অভিভাবকেরাও পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত। তবে এ সময় ঘাবড়ে না গিয়ে কোন পদ্ধতিতে পড়তে হবে, সে কথাই বললেন এই শিক্ষকেরা।ভিকারুননিসা নূন স্কুলের সিনিয়র শিক্ষক পারভিন বানু বলেন, যেহেতু এবারই প্রথম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে, তাই চিন্তা হওয়াটা স্বাভাবিক। তবে বেশি চিন্তা করে পড়াশোনার ক্ষতি না করে বরং এ সময় মূল বইটা ভালো করে পড়তে হবে। প্রতিটি লাইন ধরে পড়ে বোঝার চেষ্টা করতে হবে। গাইড, কোচিং সেন্টার কিংবা এই শেষ মুহূর্তে শিক্ষকের কাছে গিয়ে সময় নষ্ট না করাই ভালো। আর মুখস্থের তো কোনো প্রয়োজনই নেই। কেননা প্রশ্ন হবে সৃজনশীল পদ্ধতিতে। যেহেতু জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা এবারই প্রথম, তাই প্রশ্ন নিয়ে অহেতুক চিন্তার দরকার নেই। আশা করা যায়, প্রশ্ন সহজবোধ্যই হবে।এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি প্রসঙ্গে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেলস পাবলিক কলেজের সিনিয়র শিক্ষক ইকবাল খান বলেন, এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি মাসে। এখন প্রতিটি দিন কাজে লাগাতে হবে। তবে মূল বই পড়ার কোনো বিকল্প নেই। কেননা সৃজনশীল পদ্ধতির মূল শর্তই হলো পাঠ্যবইটা পড়া। যেহেতু টেস্ট পেপার বেরিয়ে গেছে, তাই টেস্ট পেপার দেখে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নগুলো সমাধান করা যেতে পারে। আর প্রতিদিনের পড়ার রুটিনে অঙ্ক ও ইংরেজিকে রাখতে হবে। তবে সর্বোপরি যে যে বিষয়ে দুর্বল, সেই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। আর যারা এবার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিচ্ছে, তাদের উচিত এখন থেকেই সচেতন হওয়া। বার্ষিক পরীক্ষা শেষ করেই দশম শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাসটুকু পড়ে ফেলা। এতে করে পরবর্তী সময় পড়ার চাপটা কমে যায়। প্রাথমিক পর্যায়ের শ্রেণীগুলোর বার্ষিক পরীক্ষার দিনটাও ঘনিয়ে এসেছে। এ সম্পর্কে ভিকারুননিসা নূন স্কুলের দিবা শাখার শিক্ষিকা কুমকুম রহমান বলেন, শিক্ষার্থীরা বছরে মোট তিনটি টার্মের পরীক্ষায় পুরো সিলেবাস বিচ্ছিন্নভাবে শেষ করেছে। তবে পুরো সিলেবাসের একসঙ্গে পরীক্ষার কারণে শিশুরা কিছুটা ভয় পেয়ে যায়। তাই এ সময় ঘাবড়ে না গিয়ে মূল বইটা পড়ে ফেলতে হবে। কেননা মূল বই থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর করতে হয়। আর শিশুদের নোট বই না দেওয়াই ভালো। মা-বাবার উচিত, কেবল গৃহশিক্ষকের ওপর নির্ভর না করে বরং নিজে সময় করে শিশুকে নিয়ে পড়তে বসা।পরীক্ষা দোরগোড়ায় চলে এলে শিক্ষার্থীদের নানা সমস্যা শুরু হয়। হয়তো কেউ খেতে পারছে না, কেউ আবার ঘুমাতে পারে না। ফলে ভালোভাবে পড়তে পারে না। আবার শারীরিক নানা জটিলতা যেমন—বমিবমি ভাব বা মাথায় যন্ত্রণার মতো সমস্যা দেখা দেয়। এ সমস্যার সমাধান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা খাতুন বলেন, পরীক্ষা দোরগোড়ায় চলে এলে শিক্ষার্থীর পড়ার ধরনটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেননা প্রয়োজনের চেয়ে বেশি চাপ নিলে শরীর অনেক সময় খারাপ করে। তাই মা-বাবার উচিত, পরীক্ষার আগ মুহূর্তে সন্তানকে বেশি সময় দেওয়া। সন্তানকে সারাক্ষণ পড়তে বসার কথা বলে চাপ না প্রয়োগ করা। মনে রাখুন মূল বইটা ভালোভাবে পড়তে হবে। পড়াশোনাকে যেন চাপ হিসেবে না নেওয়া হয়। পড়ার ফাঁকে ফাঁকে সন্তানদের পছন্দ অনুসারে বিনোদনের ব্যবস্থা করতে হবে। সারা দিনে বেশ কয়েকবার হালকা নাশতা দিতে হবে। সর্বোপরি মা-বাবার উচিত সন্তানকে মানসিক শক্তি দেওয়া।