পরীক্ষাই নেই অথচ ফি আদায়!
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে আলাদাভাবে কোনো ব্যবহারিক পরীক্ষা দিতে হয় না এইচএসসি পরীক্ষার্থীদের। অথচ সেই পরীক্ষার জন্য ফেনী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। সদ্যসমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ১৬৯ জন পরীক্ষার্থীর কাছ থেকে এ জন্য অতিরিক্ত ৩০ টাকা ফি আদায় করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত ২ এপ্রিল শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শেষ হয় ২৩ জুন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ব্যবহারিক বিষয়ের জন্য কলেজে ভর্তির সময়ই ৫০ টাকা করে ফি দিয়েছিলেন তাঁরা। এইচএসসি পরীক্ষার সূচিতে এ বিষয়ে আলাদা কোনো পরীক্ষাও ছিল না। সারা বছরের শ্রেণির মূল্যায়ন থেকেই এ বিষয়ের নম্বর যোগ হয়। তবু পরীক্ষা চলাকালে তাঁদের কাছ থেকে এই অতিরিক্ত ফি আদায় করা হয়। কয়েকজন শিক্ষার্থী টাকা দিতে অস্বীকার করলে তাঁদের ব্যবহারিক পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের বিভাগীয় প্রধান বেনজীর আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে ৩০ টাকা করে ফি নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, গত বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুই বিষয়ে ৪০ টাকা হারে ৮০ টাকা ফি নেওয়া হয়েছিল। এ বছর এক বিষয় ছিল। তাই ১০ টাকা করে কম নেওয়া হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় ফি নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম ও ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক প্রথম আলোকে বলেন, ব্যবহারিক পরীক্ষার ফি নেওয়ার কোনো কারণ নেই। যদি কেউ নিয়ে থাকে সেটি অন্যায়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আলাদা কোনো ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় না। সে কারণে এর জন্য শিক্ষার্থীদের কোনো ফিও দিতে হয় না। এ বিষয়ে শিক্ষার্থীরা সারা বছর যে পরীক্ষা হয়েছে- সেগুলোর গড় নম্বরই শুধু বোর্ডে পাঠাতে হয়। যদি কেউ ফি নিয়ে থাকে তা হলে সেটা অন্যায় হয়েছে।