উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরুর আগের দিন পরীক্ষাকেন্দ্রে আসন দেখতে গিয়ে আর ফেরেনি ফেনী সরকারি কলেজের ছাত্র মো. ফারহান তানভীর। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তার বাবা আবুল কালাম আজাদ ফেনী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার ফারহানকে উদ্ধারের দাবিতে ফাজিলপুরে মানববন্ধন করেছে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।জানা যায়, মো. ফারহান তানভীর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার আগের দিন ৪ এপ্রিল বিকেল তিনটার দিকে বাসা থেকে বেরিয়ে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে আসন দেখতে যায়। এরপর থেকে নিখোঁজ রয়েছে। ফারহান ২০০৯ সালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর কাদরী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে।ফারহানের বাবা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি। কোথাও পাইনি। তার মুঠোফোনও বন্ধ। আমরা ধারণা করছি তাকে অপহরণ করা হয়েছে। যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৮২৪ ৯৬৯৩৪৬ ও ০১৭১৭ ৯৫৯৪৬০ নম্বরে জানালে বড় উপকার হবে।’ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘সব থানায় আমরা বার্তা পৌঁছে দিয়েছি। উদ্ধারের জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে।’