পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবিতে চকরিয়া কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
কেন্দ্র স্থানান্তরের দাবিতে চকরিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তাঁরা ডুলাহাজারা কলেজের পরিবর্তে চকরিয়া আবাসিক মহিলা কলেজে পরীক্ষা দিতে চান। এ দাবিতে লাগাতার ক্লাস বর্জনের পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁরা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন কলেজের অন্য শিক্ষার্থীরাও। ফলে কলেজে অচলাবস্থা চলছে।শিক্ষার্থীদের দাবি, ক্ষমতাসীন দলের দুইজন নেতার হস্তক্ষেপের কারণে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির ব্যাপারে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত দিতে পারছে না। চকরিয়া থানা পুলিশ জানায়, সর্বদলীয় ছাত্রছাত্রী ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। গত ৩০ জানুয়ারি কলেজের প্রধান ফটকের সামনে মহাসড়কে প্রতিবন্ধক (ব্যারিকেড) দেন শিক্ষার্থীরা। এতে কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। ওইদিন ছাত্ররা কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারে রাজি করানো হয় শিক্ষার্থীরা।অধ্যক্ষ আবদুল্লাহ মাসউদ কলেজে অচলাবস্থা সৃষ্টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ‘অন্য কেন্দ্রে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু হওয়ার পর এইচএসসি পরীক্ষার্থীরা পৌর সদরের চকরিয়া আবাসিক মহিলা কলেজে (পরীক্ষা কেন্দ্র-২) পরীক্ষা দেয়। কিন্তু চার বছর আগে কেন্দ্র ডুলাহাজারা কলেজে (কেন্দ্র-৩) নিয়ে যাওয়া হয়। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত আসেনি।’শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়া না হলে আজ রোববার থেকে আবারও লাগাতার ধর্মঘট ও মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে। পরীক্ষার্থী জান্নাতুল নাঈম, রোকসানা পারভীন ও ফাতেমাতুজ জোহরা জানান, পৌর সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ডুলাহাজারা কলেজ। অনেক পরীক্ষার্থীকে ৩০ কিলোমিটার দূর থেকে যেতে হবে। ডুলাহাজারায় থাকার মতো কোনো সুযোগ-সুবিধা নেই। শিক্ষক একেএম সাহাব জানান, এবারের পরীক্ষায় কলেজ থেকে ২১৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের বেশির ভাগেরই বাড়ি উপজেলার পূর্ব, পশ্চিম ও উত্তর প্রান্তে। কিন্তু ডুলাহাজারা কলেজটি একেবারে দক্ষিণে। তাই অনেককে ২০-৩০ কিলোমিটার দূর থেকে গিয়ে পরীক্ষা দিতে হবে। ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন মো. রাসেল বলেন, ‘গত বছর ওই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছিলেন। এবার যাতে তা না হয় সে জন্য চকরিয়া মহিলা কলেজে কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছি।’ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আবছার বলেন, ‘কেন্দ্র স্থানান্তরের বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চোয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি শিগগিরই বিষয়টি সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন পরীক্ষার্থীদের কেন্দ্র স্থানান্তরের দাবি যৌক্তিক মন্তব্য করে বলেন, ‘আমিও এ দাবির পক্ষে সুপারিশ করেছি।’