
অনেকেই একজন ভালো শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন। শিক্ষকতা পেশা সব সময়ই সম্মান ও দায়িত্বের। শিক্ষাজীবনের ভিত তৈরি করে দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাই প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকদের মূল্য সমাজে একটু অন্য রকম।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারা দেশে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত) প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কথা জানিয়েছে। গত ১৮ অক্টোবর শেষ হয়েছে আবেদনের সময়সীমা।
এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ১৪ লাখেরও বেশি প্রার্থী অনলাইনে আবেদন করেছেন। এ থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১০ থেকে ১১ হাজার প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। মহাপরিচালক বলেন, আগামী ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
১০-১১ হাজার প্রার্থীর মধ্যে একজন হতে হলে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। সুতরাং আজই শুরু করে দিন আপনার প্রস্তুতি।
নিয়োগ প্রক্রিয়া
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। লিখিত পরীক্ষায় আগের মতোই এবারও ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। বিষয় বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ের ওপর মোট ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।
গত বছর নিয়োগ পাওয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাতাপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা আক্তার বলেন, সহকারী শিক্ষক পরীক্ষায় ভালো করতে হলে বাংলার জন্য পঞ্চম থেকে দশম শ্রেণির বোর্ডের ব্যাকরণ বই মন দিয়ে পড়তে হবে। আর ইংরেজির জন্য ব্যাকরণের ওপর গুরুত্ব দিতে হবে। কারণ ইংরেজিতে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আসে ব্যকরণ অংশ থেকেই। তিনি আরও বলেন, পরীক্ষায় গণিত অংশে ভালো করতে হলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিগুলো বারবার চর্চা করলে অনেক সহায়তা পাওয়া যাবে। সাধারণ জ্ঞান অংশে ২০টি প্রশ্ন থাকবে। এর জন্য বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, জন্ম-মৃত্যু দিন, দেশ-বিদেশের ইতিহাস, আন্তর্জাতিক ঘটনাবলি, সম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি খুব ভালো করে জানতে হবে। প্রয়োজনে বাজার থেকে ভালো মানের বই কিনে নিতে পারেন।
মৌখিক পরীক্ষা
মৌখিক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ এম পারভেজ রহিম প্রথম আলোকে বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরই শুধু মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় থাকবে ২০ নম্বর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০ নম্বরের মধ্যে ৫ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য, ৫ নম্বর থাকবে প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার ওপর। বাকি ১০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর। মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীর নিজ জেলার থানা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, জেলার ইতিহাস, রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে ভালো করা যাবে।
ভবিষ্যৎ সম্ভাবনা
দিনাজপুর সদরের বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ২০০৬ সালে নিয়োগ পেয়েছিলেন জয়ন্ত কুমার মণ্ডল। এই পদে থাকা অবস্থায় তিনি বিভাগীয় নিয়োগ পরীক্ষার মাধ্যমে ঠাকুরগাঁও জেলা সদরের সহকারী উপজেলা শিক্ষক কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর আপনিও বিভিন্ন বিভাগীয় পরীক্ষায় অংশ নিতে পারবেন। জয়ন্ত কুমার মণ্ডলের মতে, একজন সহকারী শিক্ষক তাঁর যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও হতে পারেন। তাই এই পেশার ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে অনেক ভালো।
লিখিত পরীক্ষার তারিখ ও নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই ঠিকানায়:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা ১২১৬, ফোন: ০২-৯০০০৩২৬
ওয়েব সাইট: www.dpe.gov.bd