পরীক্ষার শেষটাও এলোমেলো
‘সব পরীক্ষার্থীই পরীক্ষার রুটিন দেখে একটা মানসিক প্রস্তুতি নেয়। সে অনুযায়ী পড়াশোনা করে। এতে কোনো রকম ছেদ পড়লে পরীক্ষার প্রস্তুতি ভালো হয় না । আমাদের বেলায়ও এবার তা-ই হয়েছে। রাজনৈতিক দলগুলোর হরতাল কর্মসূচির কারণে আমাদের পরীক্ষা পিছিয়েছে, নতুন তারিখ নির্ধারণ হয়েছে। আর এটা হয়েছে কয়েকবার। ফলে আমাদের লেখাপড়ার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটেছে।’এসএসসি পরীক্ষার্থী তমা চৌধুরীর এভাবেই তার হতাশার কথা জানায়। পরীক্ষার প্রস্তুতি এলোমেলো করে দিয়েছে হরতাল। তাই তমা এখন এক রকম মানসিকভাবে বিপর্যস্ত। এক এক করে পরীক্ষা পেছাতে পেছাতে শেষ পর্যন্ত পিছিয়ে গেল পরীক্ষার শেষ দিনটিও। তমার মতো অনেক শিক্ষার্থীই মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে বারবার পরীক্ষা পেছানোর ফলে।বিরূপ প্রভাব পড়েছে শিক্ষক, অভিভাবকদের ওপরও। চট্টগ্রাম বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৫ মার্চ। কিন্তু তা চার দিন পিছেয়ে গেছে। এখন পরীক্ষা শেষ হবে আগামী শনিবার, ৯ মার্চ। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, হরতালের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে মোট চারবার। ২৪ ফেব্রুয়ারি রসায়ন, পৌরনীতি, ব্যবসায় শিক্ষার পরীক্ষা নেওয়া হয়েছে ১ মার্চ। গত ২৮ ফেব্রুয়ারির সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে ৮ মার্চ এবং ৩ মার্চের উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ৫ মার্চ হরতালের কারণে স্থগিত গার্হস্থ্য অর্থনীতি, পালি, কম্পিউটার শিক্ষা, কর্মমুখী শিক্ষা প্রভৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৬ মার্চ। পরীক্ষা পেছানোর কারণে শিক্ষক এবং বিদ্যালয় কর্তৃপক্ষকেও ভোগান্তি পোহাতে হয়। শিক্ষকদের কাজের তালিকা পুনর্নির্ধারণ, দায়িত্ব বণ্টন, পরীক্ষাকেন্দ্রের সার্বিক প্রস্তুতিতেও পরিবর্তন আনতে হয়। বিশেষ করে বন্ধের দিন সকালবেলা পরীক্ষা অনুষ্ঠানের জন্য অন্যদিনের তুলনায় একটু বেশি তদারকির প্রয়োজন পড়ে বলে জানা গেছে। এসব বিষয়ের সঙ্গে একমত পোষণ করেন চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসলে পরীক্ষা পেছালে ছাত্র-শিক্ষক সবার ওপরই এর প্রভাব পড়ে। সূচি অনুযায়ী পরীক্ষা না হলে পরীক্ষার্থীদের প্রস্তুতি এলোমেলো হয়ে যায়। আর আমাদের শিক্ষকদের সার্বিক পরিকল্পনাও ঢেলে সাজাতে হয়। এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম সময়মতো শুরু করা যায়নি।’ বারবার পরীক্ষা পেছানোয় বিপাকে পড়েছেন অভিভাবকেরাও। কথা হয় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মো. সাঈদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘মেয়ের পরীক্ষার নির্ধারিত সূচি দেখে অফিসে ছুটির দরখাস্ত করেছিলাম। কিন্তু পরীক্ষা পেছানোয় ছুটি বাতিল করে নতুন করে ছুটি নিতে হয়েছে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে ভেবে সেভাবে কাজের পরিকল্পনা করেছি। কিন্তু পরীক্ষা পেছানোর কারণে সব পরিকল্পনা ভেস্তে গেছে ।’