পড়ার প্রতি টানটা তাঁর আগে থেকেই ছিল। তাই তো সন্তান জন্মের ১৮ ঘণ্টার মাথায় পরীক্ষায় বসেছেন। অ্যাম্বুলেন্সে বসে পরীক্ষা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড়ের মেয়ে জান্নাতুল মাওয়া

আপনার সন্তানের জন্ম কবে?
১৭ আগস্ট, বেলা তিনটায় ছেলেটার জন্ম। পঞ্চগড়ের একটা ক্লিনিকে সিজার হয়েছিল আমার। পরের দিন সকাল নয়টায় পরীক্ষা দিতে বসি।
কোথায় পড়াশোনা করেছেন?
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বাংলার ছাত্রী আমি। অনার্স তৃতীয় বর্ষের শেষ পরীক্ষা ছিল ওটা।
বিয়ে কত দিন হলো?
বিয়ে হয়েছিল ২০১২ সালের জানুয়ারিতে। আমার শশুরবাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া গ্রামে।
বিয়ের পর স্বামীর পরিবার থেকে বাধা আসেনি?
না, বরং তাঁরা আরও উৎসাহ দিয়েছেন। পরীক্ষার সময় শাশুড়ি আমাকে কাজ করতে দিতেন না।
বাচ্চা হওয়ার পরপরই এভাবে পরীক্ষায় বসতে বাধা দেয়নি কেউ?
পরীক্ষা শুরু হয়েছিল ৫ আগস্ট থেকে। বাবার বাড়ি পঞ্চগড় সদরের চাকলা থেকে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষা দিতে যেতাম। পরীক্ষাকেন্দ্র পড়েছিল সরকারি মহিলা কলেজে। এই শরীর নিয়ে অটোরিকশায় করে যেতাম। বাচ্চা হওয়ার পর স্যারকে ফোন দিলাম। আমার অবস্থা জানালাম। স্যার বললেন, অনুপস্থিত মানে অকৃতকার্য। পরীক্ষায় উপস্থিত থাকলে একটা কিছু ফল আসতে পারে। পরে অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষার হলে সাইন করতে যাই। গিয়ে দেখি, সব প্রশ্ন কমন পড়ে গেছে। মনে একটা জোর পেলাম। স্যারকে বললাম, ‘স্যার, আমি পরীক্ষা দিতে পারব।’ তখন একজন শিক্ষকের পাহারায়
অ্যাম্বুলেন্সে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হলো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অনার্সটা শেষ করে শিক্ষকতা করতে চাই।
সাক্ষাৎকার: আবুল হাসনাত