
আর কয়েক দিনের মধ্যে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। হলিক্রস কলেজের শিক্ষার্থী সামিয়া শারমিন পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিন-রাত বেশ চাপের মধ্যে আছে। একদিকে পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে আসছে। অন্যদিকে পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর ক্যারিয়ার নিয়ে প্রত্যাশার চাপ। মা-বাবা চান সামিয়া হবে প্রকৌশলী। আর সামিয়া চায় মৌলিক বিজ্ঞান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। উচ্চশিক্ষা আর ক্যারিয়ার নিয়ে কিশোর সামিয়ার ওপরে যে এখন বেশ চাপ, একটু খেয়াল তা যে কেউ অনুধাবন করতে পারবে। সামিয়া বলে, ‘ছোটবেলা থেকেই বাড়িতে সবারই প্রত্যাশা থাকে বড় হয়ে ডাক্তার না প্রকৌশলী হব। সারা বছরই ভালো পড়াশোনা, উচ্চশিক্ষা আর ক্যারিয়ার নিয়ে মা-বাবা চিন্তা করেন। সেসব চিন্তার চাপ তো আমাদের ওপরেও বেশ প্রভাব ফেলে।’
সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা-বাবার চিন্তাভাবনা করা স্বাভাবিক। তবে চিন্তাভাবনার নামে সন্তানের ওপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া খুব অন্যায়। সন্তানদের ওপর জোর করে অভিভাবকদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা আমাদের সমাজেই বেশি লক্ষ করা যায়। হার্ভার্ড বিজনেস রিভিউ থেকে জানা যায়, যেসব শিশু-কিশোর ছোটবেলায় পরিবারের কাছ থেকে বেশি চাপের মুখোমুখি হয়, তাদের ভবিষ্যতে দুশ্চিন্তা করার প্রবণতা বেশি দেখা যায়। কর্মক্ষেত্রে কাজে হতাশা, কাজে অমনোযোগিতা আর ব্যর্থতার পরিমাণ সেই সব মানুষের মধ্যে দেখা যায় যারা কিশোর বয়সে পরিবারের সদস্যদের কাছ থেকে বেশি মানসিক চাপের মুখোমুখি হয়।
পরীক্ষা, ক্যারিয়ার, উচ্চশিক্ষা নিয়ে মা-বাবা আর পরিবারে সদস্যদের সন্তানদের মানসিক চাপ না দিয়ে পরামর্শ দেওয়ার পক্ষে কথা বলেন মনোবিদেরা। বেশি বেশি ক্যারিয়ার নিয়ে হতাশা, অন্য শিশু-কিশোরদের সঙ্গে কথায় কথায় তুলনা করলে আমাদের সন্তানেরা বেশি মানসিক চাপে হতাশ হয়ে যায়, সেদিকে আমরা খেয়ালই করি না। সন্তানের মানসিক সুস্থতাও যে তাকে জীবনে সাফল্য এনে দেয়, সেদিকে আমাদের বেশি মনোযোগী হওয়া উচিত।
সন্তানের জন্য যা করবেন না
* সারা দিন ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ভালো গ্রেড নিয়ে সন্তানকে মানসিক চাপ দেওয়া থেকে বিরত থাকুন।
* অন্য শিশু-কিশোরের সঙ্গে সন্তানের তুলনা করে তাকে কথা শোনাবেন না। এ ধরনের কথাবার্তা আর তুলনায় আপনার সন্তানের মধ্যে মানসিক দুশ্চিন্তা আরও বেড়ে যায়।
* সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার দুশ্চিন্তা আপনার চেহারা আর আচরণে প্রকাশ থেকে বিরত থাকুন। আপনার হতাশা দেখে সন্তানের মধ্যে মানসিক অস্থিরতার সৃষ্টি হওয়া স্বাভাবিক।
* অযথা বকাবকি, জোরে কথা বলা, পড়ার টেবিলে বারবার পড়তে বসার কথা শুনে শিশু-কিশোরেরা নেতিবাচক আচরণ করার চেষ্টা করে। তাদের সঙ্গে রাগত বা ক্রুদ্ধ স্বরে কথা বলা থেকে বিরত থাকুন।
* দূরসম্পর্কের আত্মীয়রা অনেক সময় না বুঝেই আপনার সন্তানের সামনেই বেশ উঁচু স্বরে তাকে নিয়ে নেতিবাচক কথা বলার চেষ্টা করেন। তাঁদের এ ধরনের আচরণ থেকে সন্তানকে রক্ষা করা আপনার দায়িত্ব।
* অনেক মা-বাবা সন্তানের বন্ধুবান্ধব নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ ধরনের আচরণ সন্তানের মধ্যে মা-বাবার প্রতি নেতিবাচক ধারণার জন্ম দেয়।
* অনেক মা-বাবার মধ্যে সন্তানের ওপর নজর রাখার নামে অযথা হস্তক্ষেপ করার প্রবণতা দেখা যায়। এ ধরনের আচরণে সন্তানের মধ্যে মা-বা থেকে পালিয়ে থাকার প্রবণতা সৃষ্টি হয়।
সন্তানের মানসিক স্বাস্থ্য বিকাশে যা করতে পারেন
* নিয়মিত তার সঙ্গে গল্প ছলে তার স্কুল-কলেজ আর ক্যারিয়ার-সম্পর্কিত ভাবনা জানার চেষ্টা করুন।
* মাঝেমধ্যে স্কুল আর পড়াশোনার চাপ কাটিয়ে তোলার জন্য দূরে কোথায় ঘুরতে যেতে পারেন।
* স্কুলের পড়ার বাইরে সাহিত্যের বই, সিনেমা, গান নিয়ে সন্তানের সঙ্গে গল্প করতে পারেন।
* সন্তানের বন্ধুবান্ধব সম্পর্কে জানতে তাদের মাঝেমধ্যে বাড়িতে দাওয়াত করে সন্তানকে আপনার বড় মনের পরিচয় দিতে পারেন।
* ক্যারিয়ার নিয়ে চাপ না দিয়ে বিভিন্ন সামাজিক দক্ষতা বিকাশে সন্তানকে উৎসাহ দিন। বিতর্ক, কবিতা আবৃত্তি, খেলাধুলার প্রতি সন্তানকে মনোযোগী হতে পরামর্শ দিতে পারেন।
* সন্তানকে ভবিষ্যৎ ক্যারিয়ারে দক্ষ করে তুলতে বিভিন্ন কারিগরি দক্ষতা বিকাশে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্কুল ছুটিতে তাকে নিয়ে বাগান করা, বাড়িতে রং করা, ঘরবাড়ি-আসবাব পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো কাজ করে তার ধীশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনি।
হার্ভার্ড বিজনেস রিভিউ ও হাফিংটন পোস্ট অবলম্বনে।