পরীক্ষার হলে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৩ সালের ঘটনা। আমি তখন ষষ্ঠ শ্রেণীতে। বাংলাদেশের ক্রিকেটের এখনকার মতো রমরমা অবস্থা তখন ছিল না। কিন্তু আমি ছিলাম ক্রিকেটের অন্ধভক্ত। ঘরোয়া ক্রিকেট লিগের বড় ম্যাচগুলো তখন রেডিওতে সম্প্রচার করা হতো। সব ম্যাচেরই ধারাবিবরণী শুনতাম আমি। একদিন মোহামেডান-ব্রাদার্স ইউনিয়নের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষা চলছে। সেদিন আবার বাংলা পরীক্ষা। আমি তো মহা বিপদে পড়লাম। খেলা শুনব, নাকি পরীক্ষা দেব—এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত অনেক সাহস করে আমার ছোট্ট রেডিওটি নিয়ে পরীক্ষার হলে গেলাম। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হলো। এমনিতে ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না। তবে সেদিন আমার মনোযোগ খেলার দিকেই বেশি ছিল। পরীক্ষা দিচ্ছি আর কিছুক্ষণ পর পর স্যারের চোখ ফাঁকি দিয়ে খেলার ধারাবিবরণী শুনছি। হঠাৎ পেছন থেকে আমাকে লক্ষ করে নূর আলম স্যারের ভয়ংকর গর্জন, ‘এই ব্যাটা, উঠে দাঁড়া। ক্যাসেটে রেকর্ড করে নকল আনছস?’ ভয়ে তখন আমার প্যান্ট ভেজানোর অবস্থা। তিনি আমার কাছ থেকে রেডিওটি নিয়ে নিলেন, তবে কোনো শাস্তি দিলেন না। কিছুক্ষণ পর দেখি, স্যার আর পরীক্ষার হলে নেই। অবাক বিস্ময়ে জানালা দিয়ে দেখি, স্যার বারান্দায় দাঁড়িয়ে রেডিওতে খেলার ধারাবিবরণী শুনছেন। মজার ব্যাপার হলো, তিনিও ক্রিকেটের কঠিন ভক্ত ছিলেন। বলা বাহুল্য, সেদিন আমার নকলবাজ বন্ধুরা খুব খুশি হয়েছিল। পরীক্ষার হলে স্যারের অনুপস্থিতির সুযোগ তারা ষোলো আনাই কাজে লাগিয়েছিল।খাইরুল ওয়ারাচকরিয়া, কক্সবাজার।