পরীক্ষায় ভালো ফল পেতে...
পরীক্ষা এলে প্রচণ্ড মানসিক চাপে ভোগে পরীক্ষার্থীরা। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে খুব ভালো ফল করার বিষয়টিকে মাথায় রেখে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ একটু বেশিই কাজ করে। পরীক্ষার ফলাফলে তাঁদের ভবিষ্যৎ নির্ভর করে। এ কারণে পরীক্ষায় ভালো করতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নানা আচার-আনুষ্ঠানিকতার আশ্রয় নেয়। বিবিসির এক প্রতিবেদনে এমনই কিছু বিচিত্র আচার উঠে এসেছে।
জাপানি শিক্ষার্থীরা পরীক্ষার দিন বা পরীক্ষার আগে ‘কাটসুদন’ নামের খাবার খায়। ‘কাটসু’ মানে জয়ী হওয়া। তাই শিক্ষার্থীদের ধারণা, এই খাবার খেলে তাঁদের ভাগ্য প্রসন্ন হবে। দেশটিতে ‘কিটক্যাট’ চকলেটও পরীক্ষায় সাফল্যের বাহক হিসেবে বিবেচ্য।
পরীক্ষার আগে হংকং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যানটিনে আপেল পরিবেশন করা হয়। থাকে আপেলের হরেক পদের খাবার। চীনা ভাষায় আপেলের উচ্চারণ ‘পিং গুও’, যার অর্থ ‘নিরাপত্তা’। তাই আপেল খেলে অনেকেই নিরাপদে পরীক্ষায় পাস করতে চায়।
অনেক শিক্ষার্থী গোসল সেরে ফুরফুরে মেজাজে পরীক্ষা দিতে যান। কিন্তু দক্ষিণ কোরিয়ায় মনে করা হয়, পরীক্ষার আগে চুল ধুয়ে ফেললে সব জ্ঞান ধুয়েমুছে যেতে পারে।
চীনে ‘লাল’ রং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। তাই অনেকে পরীক্ষার সময় লাল রঙের পোশাক বা অন্তর্বাস পরেন। তবে কেউ কেউ আবার লাল রং পরিহার করেন। কারণ, অকৃতকার্য হলে নম্বরপত্রে তা লাল কালি দিয়েই লেখা হয়।
দক্ষিণ কোরিয়ায় অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েদের জন্য পরীক্ষার হলের বাইরে বসে প্রার্থনা করেন। অনেক বাবা-মা আবার প্রার্থনার জন্য উপাসনালয়ে পর্যন্ত যান।
চীনের চোং ওয়াং নামের একজনের ভাষ্য, তাঁর কাজ হচ্ছে—পরীক্ষার দিন সকালে নাশতা হিসেবে নুডলস খাওয়া। কারণ, চীনে নুডলস অর্থ—সবকিছু নির্ঝঞ্ঝাটভাবে যাওয়া।
মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর ও চীনে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার পড়া পুনর্পাঠের সময় বা পরীক্ষার দিন সকালে মুরগির স্যুপ পান করার রীতি রয়েছে। তাঁদের ধারণা, এতে ব্রেন সমৃদ্ধ হয়।
বাংলাদেশেও শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য নানা আচার অনুসরণের ধারা লক্ষ করা যায়। পরীক্ষার আগে কেউ ডিম খান না। কেউ-বা দুধ পান করেন। কেউ সৌভাগ্যের কলম নিয়ে পরীক্ষার হলে যান।
পরীক্ষায় সাফল্যের জন্য শিক্ষার্থীরা যেসব আচার পালন করে, এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবু মানসিক একটা তৃপ্তির কারণে তারা এসব মেনে চলে।