
গানের কথা: ‘স্ট্যাটাস আমার সিঙ্গল দেখে প্রেমের ছড়াছড়ি,/ হায় রে কী যে করি!’
সমাধান: এ ক্ষেত্রে আপনি আপনার রিলেশন স্ট্যাটাস চেঞ্জ করুন। ‘ইন রিলেশনশিপ উইথ ডানা ভাঙা জিন’ অথবা ‘কমপ্লিকেটেড’ দিতে পারেন। তাহলে আশা করি প্রেমের আর ‘ছড়াছড়ি’ হবে না!
গানের কথা: ‘সেলফি নিতে চায় রে সবাই, লাগায় হুড়োহুড়ি/ হায় রে কী যে করি!’
সমাধান: এ ক্ষেত্রে আপনি গলায় ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে ঘুরতে পারেন। যেখানে ডাক্তার লিখে দেবেন, ‘পরীমনির স্কিনে বিশেষ সমস্যা দেখা দিয়েছে। মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা থেকে নির্গত আলট্রা ভায়োলেট রশ্মির কারণে এই সমস্যা মারাত্মক হতে পারে! অতএব সেলফি তুলবেন না!’ এর ফলে আপনার ভক্তরা হয়তো আর বিরক্ত করবে না এবং আপনি সেলফির হুড়োহুড়ি থেকে রক্ষা পাবেন।
গানের কথা: ‘গুন গুন গুন করে যে ভ্রমর আমার আশপাশে/ সামলে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে!’
সমাধান: ভ্রমর হইতে সাবধান থাকুন! গুন গুন গুন করতে করতে একসময় ঠিকই হুল ফুটিয়ে দেবে! আর ফাগুন মাস এলেই গা ঢাকা দিন। তাহলে আর কষ্ট করে ‘মনের গার্ডেন’ সামলে রাখতে হবে না। এটা না পারলে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান থেকে গার্ডেন পাহারা দেওয়ার দারোয়ান ভাড়া করুন।
গানের কথা: ‘আরে না রে না রে না, কেউ পিছু ছাড়ে না/ আমি কোন গলি যে ধরি!’
সমাধান: আপনাকে কিচ্ছু করতে হবে না। কোনো গলিই ধরতে হবে না। শুধু ঘরে বসে জি বাংলা দেখুন। জীবন মানেই জি বাংলা!
গানের কথা: ‘কাকে আমি ইয়েস বলি যে, কাকে বলি স্যরি/ হায় রে কী যে করি!’
সমাধান: এ ক্ষেত্রে দুটি উপায় আছে। এক. সবাইকে ‘না’ বলা। দুই. সবাইকে ‘ইয়েস’ বলা। হয় সবাই খুশি হবে, নাহয় সবাই কষ্ট পাবে। ব্যস, ঝামেলা চুকে গেল!
গানের কথা: ‘শাইনিং শাইনিং লুকটা আমার সবার নজর কাড়ে,/ টুক্কুর টুক্কুর চোখ ঘুরিয়ে আমায় ফলো করে!’
সমাধান: এভাবে ‘টুক্কুর টুক্কুর’ চোখ ঘুরিয়ে ফলো করার কারণ আপনার শাইনিং লুক। তাই আজ থেকে ত্বকের যত্ন নেওয়া বাদ দিন। তাহলে আর মুখটা শাইনিংও দেখাবে না, কেউ ফলোও করবে না!
গানের কথা: ‘সুজন আমার আসবে কবে, যাকে খুঁজে মরি/ হায় রে কী যে করি!’
সমাধান: সুজন নামের কারও জন্য অপেক্ষায় না থেকে অন্য নামের কারও জন্য অপেক্ষা করুন। তাহলে সুজনকে খুঁজতে খুঁজতে আপনাকে আর মরতে হবে না!