পরের জন্মে বাঙালি হব

১৯৮১ সালে প্রথম বাংলাদেশে আসেন তিনি। এরপর উন্নয়ন সংস্থার কর্মী কিংবা ঝড়-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণকর্মী হিসেবে একাধিকবার এসেছেন এ দেশে। গ্রামে–গঞ্জে ঘুরতে ঘুরতে প্রেমে মজেছেন বাউল ও মারফতি গানের। তিনি ফরাসি সুফি গবেষক পিয়েরে এলাই বাউড। সম্প্রতি মাইজভান্ডারের ভক্তিগীতি নিয়ে গবেষণার কাজে চট্টগ্রামে এলে কথা হয় তাঁর সঙ্গে
সুফিধারার গান নিয়ে গবেষণা করছেন?
আমার পড়াশোনার বিষয় ছিল নাচ। মেক্সিকোতে মেক্সিকান-ফ্রেঞ্চ ইউনিভার্সিটিতে নাচের ওপর পিএইচডি করেছি ১৯৮৮ সালে। আমি পেশাদার নাচের শিল্পী। তবে এখন সুফি গানের একজন ভক্ত ও সমঝদার।
বাংলাদেশ কেমন লাগে?
বাংলাদেশ আমার দ্বিতীয় মাতৃভূমি। পরের জন্মে বাঙালি হয়ে জন্মাতে চাই। সেই ১৯৮১ সাল থেকে এ দেশে আসছি। এরশাদ, খালেদা, হাসিনা সবার শাসন দেখলাম। উন্নয়নকর্মীর চোখ দিয়ে দেখতাম বলে প্রথম প্রথম এ দেশের মানুষের অবস্থা দেখে খুব খারাপ লাগত। একসময় খেয়াল করলাম এ দেশের অন্য একটা ঐশ্বর্য আছে—তা হলো এখানকার লোকসংস্কৃতি।
বাউল ও মরমি গানে আগ্রহ কীভাবে?
১৯৮১-৮২ সালের কথা। আমি তখন একটা উন্নয়ন সংস্থার এশিয়া অঞ্চলের সমন্বয়কারী। সেবার পটুয়াখালীর গলাচিপায় গিয়ে শুনলাম বাউল গান। শুনেই অভিভূত হলাম। এরপর লালনের আখড়াসহ নানা জায়গায় গিয়েছি। গান সংগ্রহ করেছি, শিল্পীদের আবিষ্কার করেছি। কেবল এ দেশেই নয়, সুফিদর্শন বুঝতে গিয়েছি ভারত, পাকিস্তান, তুরস্কসহ নানা দেশে। ভারতের খ্যাতনামা সুফি গায়ক নুসরাত ফতেহ আলী খানের জীবনীও লিখেছি। ফরিদা পারভীনসহ এ দেশের অনেক বাউলশিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। ফ্রান্সসহ নানা দেশে বাউলসংগীত নিয়ে বক্তৃতা করেছি। ডিফারেন্সেস নামের একটি ফরাসি পত্রিকায় এ বিষয়ে লেখাও আছে। এখন আরও বিস্তৃত পরিসরে গবেষণা করছি। একটি বইও হবে আশা রাখি।
সুফিবাদের মর্মকথা কী!
নিজেকে বোঝা, স্রষ্টাকে বোঝা আর সবার মাঝে একাত্ম হওয়া। লালন সমাজের বৈচিত্র্যকে গুরুত্বপূর্ণ মনে করতেন। ভেদাভেদহীন সমাজের কথা বলতেন। আমি অনেক বাউল মেলায় গিয়েছি। সেখানে বারবারই মনে হয়েছে আমি একক কোনো সত্তা নই। সবার মাঝে বিলীন হয়ে গেছি। এই একাত্ম হওয়ার বোধ অসাধারণ!
চট্টগ্রামের গান শুনেছেন?
অসাধারণ! খুব স্বতন্ত্র এবং দ্রুতলয়ের। একটা ভালো অভিজ্ঞতা হলো। এখানকার মাজার আর আখড়াগুলোতে যাব। শিল্পীদের গান শুনব। আমার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে আশা করি।
সাক্ষাৎকার: আহমেদ মুনির