পরের টাকায় নির্বাচনে ১৯ প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২২ প্রার্থী অর্থসম্পদে পিছিয়ে নেই। তার পরও তাঁদের মধ্যে ১৯ জন নির্বাচন করছেন পরের টাকায়। কেউ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়ের কাছ থেকে ধার নিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
টেকনাফে এবারের নির্বাচনে মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যানে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যানে রয়েছেন চারজন। আগামীকাল ৩১ মার্চ এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ (আনারস) বিপুল ধনসম্পদের মালিক হলেও তিনি শ্যালক সাইফুল ইসলামের কাছ থেকে নিয়েছেন দেড় লাখ টাকা। নাজিরপাড়ার মো. জামালের কাছ থেকে নিয়েছেন আরও এক লাখ। যদিও এই প্রার্থী বাড়িভাড়া থেকেই বছরে পান তিন লাখ ৯৯ হাজার ৮৪০ টাকা।
তাঁর ছেলে মোস্তাক আহমদও (চিংড়ি) চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনী ব্যয়ের জন্য তিনি চাচা জলাল আহমেদের কাছ থেকে নিয়েছেন এক লাখ এবং লেংগুরবিল গ্রামের শাহজাহানের কাছ থেকে এক লাখ টাকা।
বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহেরও (টেলিফোন) টাকার অভাব নেই। তার পরও তিনি বাবা আলী আহমদের কাছ থেকে নিয়েছেন এক লাখ, ছোট ভাই আবদুর রহমানের কাছ থেকে এক লাখ, সৌদিপ্রবাসী জাগির হোসেনের কাছ থেকে এক লাখ, সাহাদাত হোসেনের কাছ থেকে দুই লাখ, আবদুল মুনাফের কাছ থেকে এক লাখ, মালয়েশিয়াপ্রবাসী আহমদ উল্লাহর কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছেন। বিএনপির প্রার্থী সরওয়ার কামাল চৌধুরী (ঘোড়া) প্রবাসী ছেলে আবছার কামালের কাছ থেকে নিয়েছেন তিন লাখ টাকা।
জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী (মোটরসাইকেল) শ্যালক নুরুল হকের কাছ থেকে দেড় লাখ, স্ত্রীর বড় ভাই নুর মোহাম্মদের থেকে এক লাখ, জামায়াতের নেতা মীর কাসেমের কাছ থেকে দুই লাখ, নুরুল হোছাইন ছিদ্দিকীর কাছ থেকে এক লাখ এবং টেকনাফ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন।
ব্যতিক্রম শুধু একজন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী (দোয়াত-কলম)। এই প্রার্থী নিজের পাঁচ লাখ টাকায় নির্বাচন করছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুচ (তালা) ভাই আয়ুব বাঙ্গালী, মুসা ও ইউছুপের কাছ থেকে দুই লাখ, শিল্পপতি এইচ কে আনোয়ারের কাছ থেকে দুই লাখ ও শাহ আলমের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছেন। তিনি এই উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান। রফিক উদ্দিন (মাইক) শ্যালক এনামুল হকের কাছ থেকে পেয়েছেন এক লাখ, ভাই আজিজ উদ্দিন ও সিরাজ উদ্দিনের কাছ থেকে নিয়েছেন দুই লাখ টাকা। স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই মো. ফেরদৌস আলম হেলাল (জাহাজ) ছোট ভাই মোরশেদুল আলমের কাছ থেকে নিয়েছেন দুই লাখ ও মো. আবদুল্লাহর কাছ থেকে নিয়েছেন এক লাখ টাকা। এ ছাড়াও রাশেদুল করিম (ঘুড়ি), আবদুর রহমান (টাইপরাইটার), সোনা আলী (সিংহ), এ বি এম আবুল হোছাইন (টিয়া পাখি), ওমর হাকিম (টিউবওয়েল), নজির আহমদ (বৈদ্যুতিক বাল্ব), মো. আবুল হোছাইন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস বেগম (কলস), মনোয়ারা পারভিন (ফুটবল), তাহেরা বেগম (পদ্মফুল) ও মিজ বাহার ইউছুপ (প্রজাপতি) নির্বাচনী খরচের জন্য অন্যের সাহায্য নিয়েছেন।