পরৈকোড়া আজও ভোলেনি সেই দিনের কথা
থেমে থেমে গুলির শব্দ আর আর্তচিৎকার। দাউ দাউ জ্বলছে বাড়িঘর, ভিটে, মন্দির। এদিক-সেদিক পড়ে আছে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুর লাশ। তরুণীদের নিয়ে যাওয়া হচ্ছে টেনেহিঁচড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে মানুষ। ধ্বংসের এই বিবরণ একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত কোনো চলচ্চিত্রের দৃশ্যের কথাই মনে করিয়ে দেবে। তবে আনোয়ারার বয়োজ্যেষ্ঠ বাসিন্দারা যুদ্ধের এমন দুঃসহ স্মৃতি এখনো বহন করে চলেছেন। ১৯৭১ সালের ২০ ও ২১ মে আনোয়ারাবাসীর ওপর নেমে আসে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের নির্মম অত্যাচার। আনোয়ারার বন্দর এলাকায় ২০ মে পাকিস্তানি বাহিনীর হাতে মারা যান ১৫৬ জন মানুষ। পরদিন ২১ মে পরৈকোড়া ও এর আশপাশের তিন গ্রামে পাকিস্তানি বাহিনী গণহত্যায় মেতে ওঠে। সেদিন গণহত্যার শিকার হয়েছিলেন ১৭৬ জন গ্রামবাসী। পরৈকোড়ার স্থানীয় মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ প্রথম আলোর কাছে ২১ মের গণহত্যার স্মৃতিচারণা করতে গিয়ে বারবারই আবেগাপ্লুত হচ্ছিলেন। সেদিন নিজের বাবাসহ পরিবারের আট সদস্যকে হারিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘বিভীষিকাময় সে দিনের কথা আমি কখনোই ভুলতে পারব না। আমার বাবাসহ পরিবারের আট সদস্যকে হারিয়েছি। গণহত্যার পাশাপাশি লুণ্ঠন, অগ্নিসংযোগ ও গ্রামের নারীদের নির্যাতনও করে তারা। একপর্যায়ে প্রতিরোধ গড়ে তুলি আমরা কয়েকজন। আমরা তিন রাজাকারকে হত্যা করি। কিন্তু আমাদের ছোটখাটো প্রতিরোধ গণহত্যা ঠেকাতে পারেনি। এ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে।’ পরৈকোড়ার স্থানীয় বাসিন্দা শিশির কুমার দাশগুপ্ত জানান, ১৯৭১ সালের ২০ মে ৩৭টি সাঁজোয়া যান নিয়ে কালিগঞ্জ সেতু পেরিয়ে পাকিস্তানি বাহিনী আনোয়ারায় ঢোকে। ২০ মে বন্দর এলাকায় এবং ২১ মে পরৈকোড়া, পূর্ব কন্যারা ও বাথুয়াপাড়া গ্রাম ঘেরাও করে হত্যাযজ্ঞ চালায় তারা। তা ছাড়া ধর্ষণ করে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীদের।পরৈকোড়ায় গণহত্যার আগের দিন আনোয়ারার বন্দর এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞে অংশ নেয় পাকিস্তানি বাহিনী। সেদিন তারা বিভিন্ন ধর্মের ১৫৬ জনকে মেরে লাশগুলো এক জায়গায় স্তূপ করে রেখেছিল।মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (ত্রাণ ও পুনর্বাসন) রশিদ আহমদ জানান, এখানে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরেরা ১৯৭১ সালের ২০ মে ১৫৬ জনকে নারকীয়ভাবে হত্যা করে। এ স্মৃতি রক্ষার্থে গত ২২ সেপ্টেম্বর স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারায় আটটি বধ্যভূমি চিহ্নিত করে তালিকাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী জানান, ‘পরৈকোড়া, বন্দরসহ আনোয়ারার আটটি বধ্যভূমির একটি তালিকা করা হয়েছে। ইতিমধ্যে বন্দর বধ্যভূমিতে স্মৃতিসৌধের নির্মাণকাজও শুরু হয়েছে।’