পরোক্ষ ধূমপানে শিশুর ধমনিতে স্থায়ী ক্ষতি
শিশুর আশপাশে ধূমপান করলে তার ধমনিতে স্থায়ী ক্ষতি হয়। এ ধরনের ধূমপানের প্রভাবে শিশুর রক্তনালি নির্দিষ্ট সময়ের তিন বছরের বেশি সময় আগে অপরিণতভাবে বুড়িয়ে যায়।
তিন থেকে ১৮ বছরের দুই হাজারেরও বেশি শিশুর ওপর গবেষণা চালিয়ে ইউরোপিয়ান হার্ট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে।
গবেষণাটির নানা দিক তুলে ধরে বিবিসি অনলাইনের খবরে আজ বুধবার জানানো হয়, ধূমপানের পরোক্ষ প্রভাবে রক্তনালির দেয়াল পুরু হয়ে যায়। এতে পরবর্তী জীবনে হূদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। যদি শিশুর বাবা-মা উভয়েই ধূমপান করেন, তবে এই ক্ষতি আরও বেশি হয়।
ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ধূমপানে অভ্যস্ত পরিবারের শিশুদের ওপর সমীক্ষা চালিয়ে গবেষকেরা এ সিদ্ধান্তে পৌঁছান। বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপানের কোনো ‘নিরাপদ’ পর্যায় পাওয়া যায়নি।
গবেষণা দলটির গবেষক তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সেনা গল বলেন, এই গবেষণায় দেখা গেছে যে অল্প বয়সে পরোক্ষ ধূমপানের শিকার শিশুদের ধমনি পরবর্তী সময়ে সরাসরি ও অপরিবর্তনীয় ক্ষতির মুখে পড়ে। যাঁরা সন্তান নেওয়ার চিন্তা-ভাবনা করছেন, তাঁদের ধূমপান ত্যাগ করা উচিত বলে তিনি পরামর্শ দেন। এটা যে শুধু ব্যক্তির নিজের স্বাস্থ্যের উন্নতি ঘটায় তা নয়, সন্তানের ভবিষ্যৎও সুন্দর করে। তবে বাইরে থেকে ধূমপান করে ঘরে শিশুসন্তানের সামনে গেলে পরোক্ষ ধূমপানে শিশুটির কী পরিমাণ ক্ষতি হতে পারে, তা এই গবেষণার মাধ্যমে জানা যায়নি। সেনা গলের ধারণা, সে ক্ষেত্রে শিশুটির ক্ষতির হার অপেক্ষাকৃত কম হতে পারে।