পর্দা নামল বিপিএল চট্টগ্রাম পর্বের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো চট্টগ্রামের বিপিএল উৎসব। উৎসব ছিল দর্শকে ঠাসা। বিশেষ করে, চিটাগং কিংসের খেলা দেখার জন্য উন্মাতাল ছিল স্থানীয় দর্শক। তবে ঘরের মাঠে চিটাগং কিংসকে দু-দুটি পরাজয় নিয়ে ফিরতে হয়। এই দুই পরাজয়ের কারণে স্থানীয় দলটির শেষ চারে ওঠা কিছুটা কঠিন হয়ে গেল।দল হারলেও বিপিএলকে চট্টগ্রাম সম্ভাষণ জানিয়েছে ভালোভাবেই। দলগুলোর চট্টগ্রামে পা রাখা থেকে শুরু করে শেষ পর্যন্ত মানুষের মাঝে এ নিয়ে মাতামাতি, আলোচনা ছিল। ১৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিমানবন্দর থেকে রোড শো-সহকারে ছয়টি দলের হোটেলে আগমন, স্টেডিয়ামমুখী মানুষের ঢল, টিকিট নিয়ে কাড়াকাড়ি—সবই ছিল চট্টগ্রাম পর্বে।তবে চিটাগং কিংসের খেলার দিন দর্শকের ভিড় বেশি ছিল। অন্যান্য দিন দর্শক ছিল তুলনামূলক কম। তার পরও সন্তোষ প্রকাশ করলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, ‘চট্টগ্রামের মানুষ ক্রিকেটপাগল। বিপিএলে দর্শক উপস্থিতি তা-ই প্রমাণ করে। মানুষের মধ্যে বিপিএল নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে। তাই চট্টগ্রাম ভেন্যুতে খেলা দিয়ে আমরা ভুল করিনি।’বিপিএল চট্টগ্রাম উৎসব আরও একটি দিক থেকে এগিয়ে রয়েছে। বিপিএলের সব কটি দল চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। দেশি-বিদেশি ক্রিকেটাররা মহান একুশে উপলক্ষে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক দিয়েছেন। হঠাৎ করে চেনা ক্রিকেটারদের কাছে দেখে শহীদ মিনারে আসা সাধারণ মানুষ চমকে ওঠে। সবচেয়ে বেশি চমক লাগে যখন পাকিস্তানি ক্রিকেটাররা শহীদ মিনারে ফুল দেন তখন।নগ্ন পায়ে পাঞ্জাবি পরে ইমরান নাজির, আহমেদ শেহজাদ, খালেদ লতিফরা শহীদদের প্রতি সম্মান জানালেন, এটাকে বাংলাদেশের জন্য একটি প্রাপ্তি বলেও মনে করছেন অনেকে। তাঁদের সঙ্গে শহীদ মিনারে আসতে পেরে দেশি ক্রিকেটাররাও গর্ববোধ করছেন।‘শহীদ মিনারে সবাই একসঙ্গে এসেছি। এটা অন্য রকম একটা অনুভূতি। এই একুশের সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। আর চট্টগ্রামে যেভাবে মানুষের ঢল নেমেছে, তা দেখে আমি মুগ্ধ।’ বলছিলেন জুনায়েদ সিদ্দিক।একুশে ফেব্রুয়ারিতে বিপিএলের দলগুলোকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার সিদ্ধান্তটি বিসিবির। তবে সেটা কাউকে জোর করে নয়। বিপিএল দলগুলোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরাও ফুল দেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেনের নেতৃত্বে ছয়জনের একটি দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানান। তখন গাজী আশরাফ জানালেন বিপিএল দলগুলোর শহীদ মিনারে আসার পেছনের ঘটনা।‘আমরা কাউকে চাপিয়ে দিইনি। আমরা কেবল বলেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গর্বের একটি ব্যাপার। যদি মিনারে শ্রদ্ধা জানাতে যাই, তাহলে সেটি আমাদের সবার জন্য গৌরবের হবে। তারা এই কথা রাখল।’ বললেন গাজী আশরাফ।