পর্দায় সাজবে জানালা-দরজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা বাড়ি সাজানোর ব্যাপারে সচেতন, তাঁদের জানালা-দরজার পর্দা নিয়ে থাকে নানা ভাবনা। কী রং ও কোন ডিজাইনের পর্দা ঘরের সঙ্গে মানাবে? কোন কাপড়ের হবে পর্দাটা? পর্দা ব্যবহারের আনুষঙ্গিক এসব বিষয় নিয়ে বলেন অন্দরসাজের প্রতিষ্ঠান ক্রিয়েটোর স্বত্বাধিকারী এবং ইন্টেরিয়র ডিজাইনার রাশিদ খান।পর্দার ধরনপর্দার নানা ধরন আছে। নিছক কাপড় দিয়েই যে পর্দা বানাতে হবে, তা কিন্তু নয়। একটু ভিন্নতা আনতে চাইলে কাপড়ের পর্দার বদলে বাঁশ বা বেতের চিক, পাটি, মাদুর বা ভার্টিক্যাল ব্লাইন্ড দিয়েও পর্দার কাজ করা যায়। আর পর্দা কেনা বা কাপড় কিনে পর্দা বানানোর সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে, তা হলো আপনার পর্দাটা কোন ঘরের জন্য। রাশিদ খান বলেন, পর্দা ঝোলানোর সময় তিনটি দিকে লক্ষ রাখতে হবে—পর্দার রং, পর্দার উপস্থাপন পদ্ধতি আর ডিজাইন। ওই ঘরের আকার-আয়তন, দেয়াল, মেঝের রং এবং কী ধরনের আসবাব ব্যবহার হচ্ছে, সেদিকেও লক্ষ রাখাটা জরুরি।বসার ঘরের পর্দামূল ফটক দিয়ে ঢুকেই বসার ঘর। বসার ঘরেই যেহেতু আপনার অতিথিরা বসবেন, তাই বসার ঘরের পর্দার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। আজকাল অনেকেই একটু পুরোনো আদলের আসবাব তৈরি করেন। সে ক্ষেত্রে পর্দাটার মাঝেও ওই আবেশটা আনতে পারেন। পর্দা যে কাঠামোর ওপর ঝোলানো হয় তাকে বলা হয় পেলমেট। এতে নানা কারুকাজ করাতে পারেন। পেলমেটের দুই পাশে লতাপাতার সূক্ষ্ম কারুকার্য থাকতে পারে। অনেক সময় তা কিছুটা নিচ পর্যন্ত ঝুলে থাকে। কাঠ বা রট আয়রন দিয়েও পেলমেট বানাতে পারেন। আর এর ওপর করা যায় নানা নকশা। পর্দার কাপড়ে আভিজাত্য ফুটিয়ে তুলতে অনেকেই কৃত্রিম তন্তুর নকশা করা কাপড় পছন্দ করেন। আবার মূল পর্দার ওপর নেটের আলাদা একটা পর্দা রাখলে বেশ লাগে। পাতলা নেটের পর্দার ভেতর দিয়ে মূল পর্দাটা দেখা যায়। আবার কখনো মূল পর্দা বেঁধে রেখে নেটের পর্দাও ছেড়ে রাখা যায়। পর্দা বাঁধার ফিতা বানানো যেতে পারে যে কাপড় দিয়ে পর্দা তৈরি করা হয়েছে, ওই কাপড় দিয়েই। অনেকে আরেকটু আকর্ষণীয় করতে ঝালরের মতো করে পেলমেট কাভারও বানাতে পারেন। পেলমেট কাভারটা পাতলা কাপড় আর হালকা রঙের হলে ভালো হয়।শোবার ঘরঅন্দরের ঘরগুলোর মধ্যে শোবার ঘরের পর্দায় সবাই চান স্নিগ্ধ ভাব ফুটিয়ে তুলতে। শোবার ঘরের দরজার চেয়ে জানালার পর্দার দিকেই সবার খেয়াল থাকে। এই পর্দাটা কেমন হবে, তা নির্ভর করে জানালাটা কোন দিকে মুখ করা তার ওপর। অনেকে ঘুম থেকে উঠে সকালের আলোটা পছন্দ করেন। তাই পূর্ব দিকের জানালার পর্দা হালকা রঙের হলে ভালো হয়। বিশেষ করে হালকা নীল। এতে সূর্যের আলো পর্দায় পড়ে ঘরের ভেতরে উজ্জ্বল আলোর আভা সৃষ্টি করে। অনেকে আবার কয়েক রঙের পর্দাও ব্যবহার করেন।শিশুর ঘরের পর্দাশিশুর ঘরের পর্দা একটু রঙিন হওয়া উচিত। শিশুর কল্পনা রাজ্যের মতো হতে পারে তার পর্দাটা। এ জন্য মাছ, ফুল আর কার্টুনের ছবি আঁকা বর্ণিল পর্দা ব্যবহার করা যায়। সাধারণত মেয়েশিশুর ঘরে গোলাপি আর ছেলেশিশুর ঘরে নীল রং ব্যবহার করা যেতে পারে। যেখানে পাবেন পর্দার সন্ধানকাপড় কিনে পর্দা বানাতেই সবাই পছন্দ করেন। কারণ, গজ কাপড় কিনে পছন্দমতো ডিজাইনে পর্দা বানানো সম্ভব। ঢাকার এলিফ্যান্ট রোডে পর্দার কাপড়ের দোকান ক্যারি হোমের স্বত্বাধিকারী রেজাউর রহমান বলেন, বিদেশি কাপড়ের মধ্যে চীনা জ্যাকেট, সিনথেটিক জ্যাকেট, নেট কাপড়, সেরেয়ারস কাপড় বেশি চলছে। আর দেশি কাপড়ের মধ্যে খাদি, সুতি চেক কাপড় বেশি চলে। চায়নিজ বিভিন্ন ধরনের কাপড় পাবেন গজপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে। নেট কাপড়ের দাম পড়বে গজপ্রতি ৪৫০-৬০০ টাকা। সেরেয়ারস কাপড় গজপ্রতি ৪০০-৬০০ টাকা।তবে যাঁরা একটু কম দামে কাপড় কিনতে চান, তাঁরা ইসলামপুর থেকে পাইকারি দরে কাপড় কিনতে পারবেন। ইসলামপুরের কাপড়ের দোকান এ হাকিম ট্রেডার্সের স্বত্বাধিকারী জাবেদ হাকিম বলেন, ব্রাইড কটন খুব বেশি চলছে। দেশি কাপড়ের মধ্যে বাসিতা, বনিতা, সান কাপড় বেশি চলছে। বিদেশি কাপড়ের মধ্যে চায়নিজ সিলসিলা কাপড় বেশ চলে। দেশি কাপড় কেনা যাবে গজপ্রতি ৯০-১২০ টাকা, চায়নিজ সিলসিলা কাপড় গজপ্রতি ৩৮০-৫৩০ টাকা, চায়নিজ নেট গজপ্রতি ২২০-৩৮০ টাকা দরে। তবে দেশি কাপড়ের পর্দা বেশি দিন টেকসই হয় বলে জানান তিনি। দেশি কাপড়ের বহর কম, তাই পর্দা বানাতে লাগে পাঁচ গজ কাপড়। আর বিদেশি কাপড়ের বহর বেশি, তাই খানিকটা কম লাগে। তিন গজ কাপড় দিয়ে একটি পর্দা বানানো যায়। ঢাকার এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, গুলশান-২, ইসলামপুর, মৌচাক ও নবাবপুর মার্কেটে পাবেন হরেক রকম পর্দার কাপড়। চাইলে তৈরি পর্দাও কিনতে পারেন। আড়ং, যাত্রা, পিরান, রং, নিপুণে পাবেন হরেক রকম সুতার কাজ, ব্লক প্রিন্ট আর টাইডাই করা পর্দা।পর্দার যত্নপর্দা ব্যবহারের সঙ্গে নিয়ম করে পরিষ্কার করতে হবে। নিত্য ব্যবহার্য কাপড়ের মতো পর্দা ধোয়া সম্ভব নয়। তবে প্রতি দুই থেকে তিন দিন অন্তর ব্রাশ দিয়ে পর্দার ধুলো ঝেড়ে ফেলা যায়। সম্ভব হলে মাসে একবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। আর দুই বা তিন মাস পরপর হালকা ডিটারজেন্ট দিয়ে পর্দা ধুয়ে ফেলতে হবে। একটু পাতলা কাপড় হলে ড্রাইওয়াশও করানো যেতে পারে।