স্বপ্ন সত্যি হলে সে কী আনন্দ! ভাষায় বা লেখায় তা প্রকাশ করা যায় না। সে আনন্দ পেতে হলে নিজেই নিজের স্বপ্নটাকে বাস্তব করতে হবে, ছুঁতে হবে লক্ষ্যকে।১ মে, ২০১০ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটি পর্বতচূড়া জয় করার পর এমনই অনিন্দ্য-সুন্দর আনন্দ পেলাম। রোমাঞ্চকর! জয় বলার কারণ, আনুভূমিক ১০-১২ কিলোমিটার হাঁটার পর যে ক্লান্তি, উলম্বভাবে তা সহ্যের সীমা পেরিয়ে যায়। তবে এটা সত্যি, এক হাজার ২৩২ মিটার পথ পাড়ি দিয়ে পর্বতের শীর্ষচূড়া ছোঁয়ার যে আনন্দ, যে সুখ-শিহরণ; তা হাজার মাইল মেঠোপথ পাড়ি দেওয়া ক্লান্তিকেও মুছে দিতে পারে। আমরা গিয়েছিলাম কেওক্রাডং-ভ্রমণে। বান্দরবানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের সর্বোচ্চ এই পর্বত। উচ্চতা তিন হাজার ১৭২ ফুট (এক হাজার ২৩২ মিটার)। আমরা প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম যাই। সেখান থেকে বাসে করে বান্দরবান। এ পর্যন্ত যোগাযোগ-ব্যবস্থা ভালো। এরপর জিপে করে রুমা বাজার থেকে যাত্রা করি। একবার নৌকায়ও উঠতে হয়েছে। এরপর তিন ঘণ্টার পথ। ১৭ কিলোমিটার দূরে বগা লেক। কী চমত্কার সে দৃশ্য! সমুদ্র সমতল থেকে এক হাজার ২১৬ ফুট উঁচু সে জায়গা। সাধারণ গ্রামবাসী পর্যটকদের জন্য বিশ্রাম ও খাওয়া-দাওয়ার সুব্যবস্থা করেছে। নিরাপত্তার সমস্যা নেই। আমরা সেখানে ৩০ এপ্রিল সন্ধ্যায় পৌঁছাই। ছিলাম সারা রাত। লেকটা অনেক সুন্দর। যদি আপনি সাঁতার জানেন তবে ভ্রমণে গেলে সাঁতার কাটতে পারেন। ওখানে সুস্বাদু কলা আর পেঁপে পাওয়া যায়। দামেও সস্তা।পরের দিন সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সঙ্গে ছিলেন আশরাফুজ্জামান উজ্জ্বল। স্থানীয় গাইড সেলিমকে সঙ্গে নিয়ে তিন ঘণ্টার পথ হেঁটে অবশেষে আমরা ছুঁয়ে গেলাম কেওক্রাডংয়ের শীর্ষচূড়া। এত উঁচুতে উঠে মনে হলো, ক্লান্তির কোনো ছিটেফোঁটাও নেই শরীরে কিংবা মনে!