পর্বতারোহণ প্রশিক্ষণ
প্রথম সফল প্রশিক্ষণের পর এভারেস্ট একাডেমি আবার আয়োজন করেছে প্রি-বেসিক মাউন্টেনিয়ারিং ট্রেনিং। পর্বতারোহণ ও হাই-অলটিচ্যুড ট্রেকিং যাঁরা করতে চান, তাঁদের জন্য ১২ দিনব্যাপী এবারের কোর্সে প্রশিক্ষণ দেবেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। এবারের প্রশিক্ষণ চলবে আগামী ৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা ও বান্দরবানে দুই ভাগে এই প্রশিক্ষণ পরিচালনা করা হবে।এভারেস্ট একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ও লিডারশিপ স্কুলের মাধ্যমে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের পর্বতারোহণের ধারণা দেওয়া, তাঁদের পর্বতারোহণের দিকে আকৃষ্ট করা এবং তাঁদের পুরোপুরি প্রস্তুত করে তোলা। এভারেস্ট একাডেমি তার প্রতিটি প্রি-বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সেই প্রথম স্থান অধিকারীকে বৃত্তি প্রদান করে আসছে। এই বৃত্তির আওতায় প্রথম স্থান অধিকারী ভারতের দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে পর্বতারোহণের ওপর প্রশিক্ষণ নিতে চাইলে তার অর্ধেক খরচ বহন করবে এভারেস্ট একাডেমি। অর্থাৎ প্রথম স্থান অধিকারী এই বৃত্তির মাধ্যমে তাঁর পুরো কোর্স ফি ফেরত পাবেন।দ্বিতীয় প্রি-বেসিক ট্রেনিংয়ের আসনসংখ্যা ২০ এবং কোর্স ফি আট হাজার ৫০০ টাকা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়: ১৪/৪ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ০১৭৬৮৬০৮৮১০।