পর্যটক জেটি দিয়ে নামে গবাদিপশু
পাঁচ বছর আগে নির্মাণকাজ শেষ হলেও অপ্রশস্ত সংযোগ সড়কের কারণে টেকনাফের শাহপরীর দ্বীপে নির্মিত পর্যটক জেটি ব্যবহার করা যাচ্ছে না। ওই জেটি এখন মিয়ানমার থেকে আমদানি করা গবাদিপশু নামানোর কাজে ব্যবহৃত হচ্ছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে এ জেটি নির্মাণ করা হয় সেন্টমার্টিনে যাওয়া পর্যটকদের ওঠা-নামার জন্য।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, এখন পর্যটকেরা ওঠা-নামা করেন দমদমিয়ায় অবস্থিত কাঠ ও বাঁশের তৈরি জেটি দিয়ে। সেখান থেকে সেন্টমার্টিন দ্বীপের দূরত্ব ৩৪ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপে নির্মিত জেটি থেকে সমুদ্রপথে সেন্টমার্টিনের দূরত্ব ১৩ কিলোমিটার। অবস্থানগত কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী অর্ধশতাধিক ট্রলার ও জাহাজ চলাচলের সুবিধার্থে শাহপরীর দ্বীপে ওই পর্যটক জেটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৩-০৪ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্য ও তিন দশমিক ৬০ মিটার প্রস্থের এ জেটির নির্মাণকাজ শুরু করে। নির্মাণকাজ শেষ হয় ২০০৫ সালের অক্টোবরে। কিন্তু শাহপরীর দ্বীপের জেটি থেকে টেকনাফের সংযোগ সড়কটি অপ্রশস্ত হওয়ায় বিলাসবহুল বাস চলাচল করতে পারে না। ফলে দমদমিয়া এলাকায় জেটি দিয়েই ঝুঁকি নিয়ে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রু, এলসিটি কুতুবদিয়া, শহীদ জব্বার, ঈগল-১ ও ফারহানা ক্রু নামে ছয়টি পযর্টকবাহী জাহাজে ওঠানামা করছে পর্যটক ও সাধারণ মানুষ। ফলে ছোট-খাটো দুর্ঘটনা লেগেই আছে। সম্প্রতি জাহাজে ওঠার সময় ওই জেটি থেকে পড়ে টাঙ্গাইলের বাস মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান মিয়া (৫৫) মারা যান। এর পর পৃথক দুর্ঘটনায় ঢাকার মিরপুরে হাবিব নবী (৪২), ফরহাদ আজিম (৩০), ফরিদপুরের সোলেমান কবির (৩৫) ও তাহসিন (৯) নামে একশিশুসহ চার পযর্টক ঝুঁকিপূর্ণ জেটির পাটাতন ভেঙে নদীতে পড়ে আহত হন।জেটির ইজারাদার মোহাম্মদ নুরুল হক বলেন, জেলা পরিষদ এলজিইডির মাধ্যমে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত জেটি বর্তমানে মিয়ানমার থেকে আমদানি করা কিছু গরু, মহিষ ও ছাগল নামানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ জেটি চালু না হওয়ায় সরকার প্রচুর পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের জনগণের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কথা চিন্তা করে নির্মিত এ জেটি বর্তমানে কোনো কাজে আসছে না। ফলে এ রুটে চলাচলকারী প্রায় দুলাখের বেশি পর্যটকসহ স্থানীয় এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিন উল্লাহ বলেন, ‘এ জেটি জনগণের কোনো কাজে আসছে না। সরকারি অর্থ অপব্যবহার করে এটি নির্মাণ করার কোনো প্রয়োজন ছিল না।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ যাতায়াতের জন্য শাহপরীর দ্বীপে এ জেটি নির্মাণ করা হলেও সেটি ব্যবহার হচ্ছে না। জাহাজগুলোকে এ জেটি ব্যবহারের তাগিদ দেওয়া হলে প্রতিবছর বিপুল পরিমাণের রাজস্ব আদায় করা সম্ভব হতো।’জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘এ সড়ক উন্নয়নের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে টেকনাফ-শাহপরীর দ্বীপের সড়কটি ১৩ দশমিক ৭০ কিলোমিটার পর্যন্ত ১২ ফুট চওড়া আছে। তা ১৮ ফুট (৫ দশমিক ৫০ মিটার ) করার জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জিপ স্টেশন পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ কিছু দিনের মধ্যে শুরু করা হবে। এ কাজ শেষ হলেই ওই জেটি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’