
খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিকভাবে সৃষ্ট গুহা দেখতে প্রতিদিন দূর–দূরান্ত থেকে আসেন পর্যটকেরা। তবে অবকাঠামোগত সংস্কার না হওয়ায় ও পর্যটন সুবিধা না বাড়ায় এই পর্যটনকেন্দ্রের সম্ভাবনা শতভাগ কাজে লাগানো যাচ্ছে না।
খাগড়াছড়ি শহরের ৯ কিলোমিটার আগে আলুটিলা পাহাড়ের ৭ একর জায়গায় ১৯৯০ সালে গড়ে ওঠে এই পর্যটনকেন্দ্র। পাহাড়চূড়ায় অবস্থিত এই পর্যটনকেন্দ্র থেকে গোটা খাগড়াছড়ি শহর দেখা যায়। তবে এখানকার প্রাকৃতিক গুহাই পর্যটকদের মূল আকর্ষণ। ঝিরি পার হয়ে অন্ধকারাচ্ছন্ন গুহায় মশাল নিয়ে প্রবেশ করেন পর্যটকেরা। পাহাড়ের মনকাড়া সৌন্দর্য উপভোগের পাশাপাশি গুহায় ঢুকলে অ্যাডভেঞ্চারের স্বাদও পাওয়া যায়। পর্যটকদের সুবিধার্থে ওঠা-নামার সিঁড়ি, পর্যবেক্ষণ টাওয়ার, ছাউনি, সিমেন্টের বেঞ্চ ও শৌচাগার রয়েছে এখানে। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সেসব জরাজীর্ণ হয়ে পড়ছে। জমছে পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। পানির বোতল, খাবারের প্যাকেট, ব্যবহৃত মশালসহ বিভিন্ন আবর্জনা জমেছে গুহার প্রবেশ মুখে। বসার ছাউনির আশপাশেও আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা গেছে। গুহায় ওঠা–নামার সিঁড়িগুলোর মধ্যে অন্তত ১৪টি ভাঙা। এ ছাড়া ১২টি সিঁড়িতে দেখা দিয়েছে ফাটল। পর্যটন টাওয়ার ও চারটি ছাউনিও জীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে বসার বেঞ্চ ভাঙা। সাতটি শৌচাগারের মধ্যে তিনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে নানা অসুবিধা সত্ত্বেও এই কেন্দ্রে পর্যটকেরা আসছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর এই পর্যটনকেন্দ্রে পর্যটক এসেছিলেন প্রায় ৮০ হাজার, যা আগের বছরের চেয়ে কিছুটা বেশি। পর্যটক বাড়লেও নতুন কোনো বিনোদনের সুযোগ সৃষ্টি করা হয়নি এখানে। বিশেষজ্ঞরা বলছেন, কেব্ল কারসহ যুগোপযোগী বিনোদনের সুযোগ সৃষ্টি, রাত যাপনের ব্যবস্থা ও রেস্তোরাঁ থাকলে এখানে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বাড়ত।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক সৈয়দ রাশিদুল হোসেনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আলুটিলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। চার পাঁচ বছর আগে যে অবস্থা দেখেছিলাম, গত মাসে সেখানে গিয়ে এর চেয়ে খারাপ অবস্থা দেখেছি। সিঁড়িগুলো ভেঙে গেছে। গুহার প্রবেশপথের রাস্তাটি অপরিষ্কার আর পিচ্ছিল। বিশেষ করে গুহার ভেতর প্রবেশ করার সময় পর্যটকেরা যে মশাল নিয়ে যায়, তা নিরাপদ নয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পর্যটন কর্তৃপক্ষ এ ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করে দিতে পারে। এ ছাড়া এখানে রাতযাপনের ব্যবস্থা ও উন্নতমানের রেস্তোরাঁও করা যেতে পারে। আশপাশের উঁচু পাহাড় ঘুরে দেখার জন্য কেব্ল কারের ব্যবস্থা রাখলে বহু পর্যটক আসবেন এখানে।’
খোঁজ নিয়ে জানা গেছে, আলুটিলা পর্যটনকেন্দ্রে কর্মচারী রয়েছেন তিনজন। লোকবল কম হওয়ায় কেন্দ্রর রক্ষণাবেক্ষণও ঠিকমতো হচ্ছে না।
টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা লোকনাথ ত্রিপুরা ও চন্দ্রকিরণ ত্রিপুরা জানান, রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র চালু হওয়ার পর খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্র দর্শনার্থী বেড়েছে। অধিকাংশ পর্যটক সাজেকে বেড়াতে যান খাগড়াছড়ি হয়ে। এই কারণে গত দুই বছরে আলুটিলায়ও পর্যটক বাড়ছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ২০০ জন পর্যটক আসে এখানে। শুক্রবার, শনিবার ছাড়াও কোনো বিশেষ দিনে ৫০০ পর্যটকও আসে। তবে বনভোজনের মৌসুমে অনেক দিন দর্শনার্থীর সংখ্যা হাজারও ছাড়িয়ে যায়।
পর্যটনকেন্দ্রর ঝাড়ুদার বাবুল ত্রিপুরা জানান, তাঁর পক্ষে এত বড় পর্যটনকেন্দ্র পরিষ্কার রাখা সম্ভব হয়ে ওঠে না। এ জন্য লোকবল বাড়াতে হবে। পাশাপাশি সচেতন হতে হবে পর্যটকদেরও।
পর্যটনকেন্দ্রটির অব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন এখানে বেড়াতে আসা লোকজনও। খাগড়াছড়ি বাজার এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা মাঈন উদ্দিন বলেন, এত সুন্দর একটা জায়গা, অথচ এখানে করার কিছুই নেই। পর্যটকেরা আধঘণ্টা থেকেই চলে যান। পর্যটকদের বসার মতো ভালো কোনো জায়গাও নেই। সর্বত্র ময়লা-আবর্জনার ছড়াছড়ি।
এ সম্পর্কে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জানান, পার্বত্য আইন অনুযায়ী তিন পার্বত্য জেলার সব পর্যটন এলাকা জেলা পরিষদের আওতাধীন। বিষয়টি তাঁরাই দেখেন।
এ ব্যাপারে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাওসার হোসেন জানান, আলুটিলা পর্যটনকেন্দ্রর তহবিলে যে টাকা আছে তা দিয়ে সম্পূর্ণ সংস্কারকাজ করা সম্ভব নয়।
এ ব্যাপারে পর্যটন মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। টিকিট বিক্রির টাকায় ওখানকার কর্মচারীদের বেতন–ভাতা দিতে হয়। তবে এরপরও গত বছর ওই কেন্দ্রে রঙের কাজ হয়েছে।