পর্যটকদের চলতে হয় নাক চেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে শুঁটকি মাছের দুর্গন্ধে চলাফেরা করা দায় হয়ে পড়েছে। ভ্রমণে আসা পর্যটকদের চলতে হচ্ছে নাক চেপে। অনেকে এড়িয়ে চলেন লাবণী পয়েন্ট।জানা যায়, লাবণী পয়েন্টের ‘সৈকত-ঝিনুক মার্কেট’ ও ‘মহাজোট মার্কেটে’ চলছে শুঁটকির এ বাণিজ্য। একশ্রেণীর ব্যবসায়ী হাতিয়া, রাঙ্গাবালী ও চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শুঁটকি মাছ কিনে এনে চড়া দামে পর্যটকের হাতে ধরিয়ে দিচ্ছে। এসব শুঁটকি মাছে বিষাক্ত কীটনাশক ও ডিডি পাউডার মিশ্রিত থাকলেও তদারকির কেউ নেই।রাজশাহী থেকে ভ্রমণে আসা পর্যটক আবদুর রাজ্জাক (৪৫) বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে শুঁটকির দুর্গন্ধে হাঁটাচলা করা যাচ্ছে না, এটা দুশ্চিন্তার ব্যাপার। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, সুগন্ধা সড়ক, কলাতলী হোটেল-মোটেল জোনসহ বিভিন্ন স্থানে এখন শত শত শুঁটকির দোকান নজরে পড়ছে, এমনকি হোটেলের নিচেও দেখা যায় শুঁটকির দোকান। পর্যটন স্পটে এ ধরনের শুঁটকির দোকান হতে পারে?’ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, সমুদ্রসৈকত ভ্রমণে আসা পর্যটকেরা সৈকতের পাশের বিপাণকেন্দ্র থেকে শামুক-ঝিনুক দিয়ে তৈরি নানা পণ্য, আচার ও রাখাইনদের তৈরি কাপড়চোপড় কিনতে আসেন। কিন্তু আশপাশের দোকান থেকে ছড়িয়ে পড়া শুঁটকির দুর্গন্ধ ও মশা-মাছির উৎপাতের কারণে এখান থেকে কেউ কেনাকাটা করতে চান না। ফলে বেচাবিক্রি কমে যাচ্ছে।ব্যবসায়ীরা জানান, এক বছর আগে এসব দোকানসহ সৈকতের সব স্থাপনা উচ্ছেদ করার জন্য হাইকোর্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি; বরং সৈকতের বিভিন্ন স্থান দখল করে অসংখ্য দোকানপাট তৈরি করে ব্যবসা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের ১০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সাত দিনের মধ্যে সমুদ্রসৈকতে স্থাপিত সব স্থায়ী- অস্থায়ী স্থাপনা উচ্ছেদ এবং তিন মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে ১৬ সদস্যবিশিষ্ট ‘সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ কমিটি’ গঠন করে দেন। এক বছর পর গত ফেব্রুয়ারি মাসে কমিটি ওই সীমানা নির্ধারণ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন বলেন, ‘হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সমপ্রতি সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে উচ্ছেদ তালিকায় পড়েছে সরকারি-বেসরকারি প্রায় সাত শতাধিক স্থাপনা। এর মধ্যে লাবণী পয়েন্টের সৈকত ঝিনুক ও শুঁটকি মার্কেটও পড়েছে। যথাসময়ে এসব দোকানপাটসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হবে। সরেজমিনে দেখা গেছে, মহাজোট মার্কেটের অন্তত ১০টি দোকানে হাজার হাজার শুঁটকি মাছ টাঙিয়ে রাখা হয়েছে। অনেক দোকানের বাইরে খোলা মাঠে রোদে মাছ শুঁটকি করা হচ্ছে । চারদিকে দুর্গন্ধ আর মশা-মাছির উৎপাত। পর্যটকেরা চলাফেরা করছেন নাক চেপে। পাশের সৈকত-ঝিনুক মার্কেটে ও বেশ কয়েকটি দোকানেও বিক্রি হচ্ছে শুঁটকি। মহাজোট মার্কেটের শুঁটকি দোকান মালিকদের সংগঠন ‘মাছরাঙা সমবায় শুঁটকি সমিতির’ সাধারণ সম্পাদক ওবায়দুল হক জানান, মহাজোটভুক্ত নেতাদের কাছ থেকে তাঁরা ইজারা নিয়ে শুঁটকির দোকান করছেন। হাইকোর্টের নির্দেশে এসব দোকান উচ্ছেদ করা হলে বহু ব্যবসায়ী পথে বসবেন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ২০০৮ ও ২০১০ সালে ক্ষমতাসীন দলের এক সাংসদ ও কয়েকজন নেতাদের চাপে পড়ে তৎকালীন জেলা প্রশাসনের কর্মকর্তারা সৈকতের এই বালুচরে অবৈধভাবে দেড় শতাধিক দোকানপাট নির্মাণ করার সুযোগ দেন। সৈকত ও হোটেল মোটেল জোন এলাকায় শুঁটকি বিক্রি নিষিদ্ধ হলেও এসব ব্যবসায়ীরা কোনো কিছু মানছেন না। এখন হাইকোর্টের নির্দেশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলে সব নিয়মের মধ্যে চলে আসবে।