পর্যটকদের জন্য খুলছে সাজেকের দরজা

সুউচ্চ পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা। মেঘের ওপরের দেশ বললেই যেন মানায় তাকে। রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ভ্যালির এমন অপূর্ব নিসর্গ যাঁরা দেখেননি তাদের জন্য সুখবর। সেনাবাহিনীর উদ্যোগে সাজেক ভ্যালির রুইলুইপাড়ায় তৈরি হচ্ছে পর্যটনকেন্দ্র।
গত বুধবার ৬ নভেম্বর দুপুর ১২টায় রুইলুই সেনাক্যাম্পে স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহম্মেদ এ কথা জানান।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ইতিমধ্যে পর্যটনকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কাজী শামসুল ইসলাম, বাঘাইহাট সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল কবির হোসেন ও বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীসহ সেনাবাহিনী ও বিজিবির কর্তকর্তারা।
জিওসি মেজর জেনারেল সাব্বির আহম্মেদ এর আগে রুইলুইপাড়ায় একটি ক্লাবঘর, চিকিৎসাক্যাম্প ও পর্যটকদের জন্য একটি দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। এ ছাড়া পর্যটকদের জন্য হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠারও নির্দেশ দেন তিনি।
রুইলুইপাড়ার প্রধান লাল থাংয়া লুসাই বলেন, ‘প্রধানমন্ত্রী রুইলুইপাড়া আসার পর এলাকার চেহারা পাল্টে গেছে। সেনাবাহিনী ৮০ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের পর এখন পর্যটনকেন্দ্রের জন্য অবকাঠামো নির্মাণ শুরু করেছে। পর্যটনকেন্দ্র নির্মাণ করা হলে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসবেন।’
এ ব্যাপারে মেজর জেনারেল সাব্বির আহম্মেদ বলেন, ‘সাজেক ভ্যালিতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এলাকার লোকজনের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় পর্যটনের অবকাঠামো গড়ে তুলতে চাই। সব অবকাঠামো গড়ে তোলা হলে ভারতের দার্জিলিং না গিয়ে পর্যটকেরা এখানে আসবেন।’
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেক ভ্যালির রুইলুইপাড়া পরিদর্শন করেন। তিনিও সাজেকের সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো কথা বলেন।