পর্যটকদের ভিড়ে মুখর হাজাছড়া ঝরনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটের হাজাছড়া ঝরনা এলাকাটি আদিবাসী-বাঙালিদের মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এখানে শত শত পর্যটক ভিড় করেছেন। ঝরনার অবিরাম কলতানের সঙ্গে মানুষের আনন্দ-উচ্ছ্বাস যেন মিলেমিশে একাকার হয়ে যায়।এখানে কোনো অবকাঠামো না থাকায় পর্যটকদের নানা ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানা গেছে। পর্যটকদের অভিযোগ, হাজাছড়াকে সরকারি উদ্যোগে আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা যেত। পর্যটকদের থাকা-খাওয়া কিংবা কোথাও বিশ্রাম নেওয়ার অবকাশ এখানে নেই। এসব সুবিধা থাকলে সরকার রাজস্ব আয় করতে পারত।দীঘিনালার বাবুছড়া এলাকার পর্যটক মো. সাদ্দাম বলেন, হাজাছড়া সবচেয়ে আকর্ষণীয় ঝরনা। তবে পর্যটকদের বসার স্থান ও যাতায়াতের সুবিধা না থাকায় তাঁরা ভোগান্তির শিকার হন। ঈদের ছুটিতে বাঙালিদের পাশাপাশি আদিবাসীরাও ঝরনায় গোসল করতে আসছেন।হাজাছড়া এলাকার বাসিন্দা প্রীতিশ চাকমা বলেন, ঈদের দিন থেকে প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। কিন্তু তাঁদের জন্য সুযোগ-সুবিধা কিছুই নেই। ঈদ ছাড়াও এখানে প্রায় সময় পর্যটক থাকেন।সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতলার চাকমা প্রথম আলোকে বলেন, পর্যটকদের ভিড় দেখে গত কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিলবোর্ড টাঙানো হয়েছে। পর্যটকদের যাতায়াত ও বিশ্রামের জন্য কিছু অবকাঠামো প্রয়োজন। এ বিষয়ে সামনে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।