
আনোয়ারার পারকি সৈকত সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এ কারণে বেড়াতে আসা পর্যটকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দিনে দিনে বেহাল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, আনোয়ারার সিইউএফএল (চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা) থেকে পারকি বাজার হয়ে সমুদ্রসৈকত পর্যন্ত চার কিলোমিটার এলাকায় পিচ উঠে গেছে। কিছু স্থানে সড়কের চিহ্নই নেই। এসব অংশে রয়েছে ভাঙা সড়কের কষ্টের সঙ্গে ধুলাবালুর অত্যাচার। নাকে কাপড় গুঁজে চলতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ১৯৯১ সালের দিকে এটি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি সৈকতের প্রধান সড়ক। লোকজনের চলাচল বেড়ে যাওয়ায় কয়েক বছর আগে সড়কটির পিচ ঢালাই করে এলজিইডি। কিন্তু গত বর্ষার সময় বিভিন্ন অংশে পিচ উঠে যায়। এরপর আর সড়ক সংস্কার না হওয়া এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সৈকতে বেড়াতে আসা নগরের চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এলমুল বাহার জানান, সৈকতের সব ঠিক আছে। কিন্তু সড়কের বেহালদশার কারণে কষ্ট পেয়েছি বেশি।
চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সৈকতের লুসাই পার্কের পরিচালক এম এ কাইয়ুম শাহ বলেন, সৈকতের চার কিলোমিটার সড়কের নাজুক অবস্থার কারণে পর্যটকেরা কষ্ট পাচ্ছেন। শিগগিরই সড়কটি সংস্কার করা না হলে এখানে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে।
এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, পারকি সৈকত সড়কের সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদনও পাওয়া গেছে। আশা করছি শিগগিরই কাজ শুরু হবে।