পর্যটকবাহী জাহাজের বিপজ্জনক যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের পথে দুইটি জাহাজ। ছবিটি গত শুক্রবার সকালে তোলা l প্রথম আলো
যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের পথে দুইটি জাহাজ। ছবিটি গত শুক্রবার সকালে তোলা l প্রথম আলো

টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটারের নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করছে পর্যটকবাহী একাধিক জাহাজ। এই নৌপথের ১৪ কিলোমিটারের নাফ নদী অংশে পুঁতে রাখা হয় কয়েক শ নিষিদ্ধ বিহিঙ্গি জাল। ২০ কিলোমিটার সাগরের বিভিন্ন অংশে রয়েছে একাধিক ডুবোচর। তার ওপর রয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই।
বর্তমানে এই নৌপথে চলাচল করছে আটটি জাহাজ—এমভি গ্রিনলাইন-১, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ, এমভি কাজল, এলসিটি কুতুবদিয়া, এমভি ফারহান, বে-ক্রুজ ও সোনারগাঁ। প্রতিদিন সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে জাহাজগুলো টেকনাফের দমদমিয়া এলাকার (টেকনাফ স্থলবন্দরের পাশে) নাফ নদী থেকে যাত্রী বোঝাই করে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার পর সেন্ট মার্টিন পৌঁছে পর্যটকেরা দ্বীপে বেড়ানোর কয়েক ঘণ্টা সময় পান। বেলা তিনটার পর পর্যটকদের নিয়ে জাহাজগুলো পুনরায় টেকনাফ ফিরে আসে। এই যাত্রায় জনপ্রতি সাত শ থেকে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়।
গত শুক্রবার সকাল নয়টায় দমদমিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কাঠের পাঁচটি নড়বড়ে সাঁকো দিয়ে হাজার খানেক পর্যটক জাহাজে উঠছেন। যাত্রীদের কাছ থেকে মাথাপিছু ৩০ থেকে ৫০ টাকা সাঁকোভাড়া আদায় করা হচ্ছে।
যাত্রীরা জানান, নড়বড়ে সাঁকো দিয়ে জাহাজে ওঠার সময় ভয়ে ভয়ে থাকতে হয়। যেকোনো সময় পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
জাহাজ পরিচালনাকারী সংস্থার কর্মকর্তারা জানান, গত বছর সাঁকো ভেঙে শতাধিক পর্যটক পানিতে পড়ে যান। এ সময় কয়েকজন শিশু ও নারী আহত হন। অনেকের মোবাইল ফোন, ক্যামেরা, হাতঘড়ি লোনা পানিতে ডুবে নষ্ট হয়। একমাত্র গ্রিনলাইন-১ জাহাজটি টেকনাফ স্থলবন্দরের ভেতরের লোহার জেটি দিয়ে যাত্রীদের ওঠা-নামা করায়। তাঁরা আরও জানান, আটটি জাহাজ ও ৩০টির বেশি কাঠের ট্রলারে করে দৈনিক পাঁচ হাজার পর্যটক সেন্ট মার্টিন যাতায়াত করেন। এর বিপরীতে কোটি কোটি টাকার রাজস্ব আদায় হলেও পর্যটকদের নিরাপদ ভ্রমণে রাতে সাগরে ডুবোচর চিহ্নিত করার লাইটিং বয়া কিংবা লাল নিশানা নেই। আর নাফ নদীতে পুঁতে রাখা জাল উচ্ছেদেরও কোনো উদ্যোগ নেই।
ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা পর্যটক শামীম আহমদ বলেন, ‘চার বছর আগে কেয়ারি সিন্দাবাদে ৩০০ টাকায় টিকিট কেটে সেন্ট মার্টিন গিয়েছিলাম, এখন তা ৮০০ টাকা। তখন জাহাজে তোলা হয়েছিল ২৮০ জন পর্যটক। আর এখন পাঁচ শতাধিক। অথচ এসব দেখার যেন কেউ নেই।’
কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘অন্যান্য জাহাজ এই নৌপথে মৌসুমের চার মাস (ডিসেম্বর-মার্চ পর্যন্ত) চলাচল করলেও সিন্দাবাদ চলে সারা বছর। তাই যাত্রীদের হয়রানি কিংবা অসন্তুষ্টি নিয়ে আমাদের অধিক সচেতন থাকতে হয়।’
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১৭ দিনে অন্তত ছয় লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। এর মধ্যে অন্তত দেড় লাখ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যান। ২০০২ সালে এই রুটে পর্যটক পরিবহনের জাহাজ ছিল একটি। আর এখন আটটি। জাহাজের সংখ্যা বাড়লেও পর্যটকের সেবার মান খুব একটা বাড়েনি।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই এবং ভাড়া আদায় করা হচ্ছে কি না তা পুলিশের মাধ্যমে তদারক করা হয়। ইতিমধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে একাধিক জাহাজকে জরিমানা করা হয়েছে।