পর্যটকশূন্য কক্সবাজার খালি হোটেল-মোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ, শারদীয় দুর্গাপূজা আর প্রবারণা—তিন উৎসবকে ঘিরে পর্যটকে ঠাসা ছিল কক্সবাজার। কিন্তু সপ্তাহ না যেতেই পর্যটকের জোয়ারে আবার ভাটা পড়েছে। ২৩ অক্টোবরের পর থেকে ফাঁকা হয়ে গেছে সমুদ্রসৈকত। পর্যটক শূন্যতায় খালি পড়ে আছে শহরের তিন শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউসের কক্ষ। হোটেল ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় পর্যটকের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছে।

২৪ অক্টোবর সকালে সমুদ্রসৈকতে গিয়ে দেখা গেছে, পুরো সৈকত ফাঁকা। দু-একজন পর্যটক আছেন। অথচ এর দুই দিন আগে ২২ অক্টোবর লাখো পর্যটকে ভরপুর ছিল সৈকত।

ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, দেশে কী ঘটবে—এ নিয়ে সবার মনে উৎকণ্ঠা-আতঙ্ক। তাই আগেভাগে পর্যটকেরা নিরাপদ স্থানে ফিরে গেছেন। এ কারণে সমুদ্রসৈকতও ফাঁকা হয়ে পড়েছে। এখন পুরো সৈকত ঘুরে ১০০ পর্যটকও খুঁজে পাওয়া যাবে না।

সৈকতের লাবণী পয়েন্টে হোটেল কল্লোলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন আহমদ জানান, ২৩ অক্টোবর পর্যন্ত তাঁর হোটেলে প্রচুর পর্যটক ছিল। কিন্তু এর পর থেকে পুরো হোটেল ফাঁকা।

কলাতলী এলাকার হোটেল রিগাল প্লেসের ব্যবস্থাপক করিম উল্লাহ বলেন, ২৪ অক্টোবর থেকে খারাপ অবস্থা যাচ্ছে। কক্ষ ভাড়ার জন্য কোনো পর্যটক আসছেন না।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকেরা মাঠে নামেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন ব্যক্তির মৃত্যু হয়। এর পর টানা কয়েক মাসের হরতাল, সড়ক অবরোধ, সংঘর্ষসহ নানা কর্মসূচিতে এখানকার হোটেল ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লোকসান পুষিয়ে নিতে ছাঁটাই করা হয় ১০ হাজারের বেশি হোটেল-কর্মচারী। বন্ধ হয়ে গিয়েছিল আড়াই শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। কক্সবাজার হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বারবার মার খাচ্ছে পর্যটন ব্যবসা। কোটি টাকা বিনিয়োগ করে অনেকের পথে বসার উপক্রম হচ্ছে। কক্সবাজারকে হরতালের আওতামুক্ত রেখে পর্যটকদের অবাধে ভ্রমণের সুযোগ করে দিলে সারা বছর এখানে পর্যটকের সমাগম ঘটত।